
ফাইল ছবি
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনটির পাঁচ নেতাকর্মী। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল চলাকালে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় তারা মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর ঈশ্বরদীর সাঁড়া এলাকায় পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন।
পালাবদল/এসএ