
ফাইল ছবি
স্যান্ডপেপার কেলেঙ্কারিতে অধিনায়ক প্যাট কামিন্সের ভূমিকা নিয়ে ওঠা সব ধরনের সন্দেহ ও জল্পনা নাকচ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি বোর্ডের পূর্ণ ও সর্বসম্মত সমর্থন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে তার সততা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো দলই অবগত ছিল-সম্প্রতি এমন দাবি করেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। তার এই বক্তব্যের পর থেকেই চাপে রয়েছেন কামিন্স। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে ওই পরিকল্পনা সম্পর্কে কিছু জানতেন না বলে জোরালো দাবি করেন তিনি। তবে খাওয়াজার বক্তব্যকে সমর্থন করেন ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকা ক্যামেরন ব্যানক্রফট। এতে কামিন্সের নেতৃত্ব ও সততা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের আগে কামিন্সের অধিনায়কত্ব নিয়ে নানা জল্পনা তৈরি হওয়ায় শনিবার বোর্ড সভায় বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। সভা শেষে দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি বোর্ডের সর্বসম্মত সমর্থন রয়েছে।
বোর্ড চেয়ারম্যান ডেভিড বুন বলেন, অস্ট্রেলীয় ক্রিকেটের এই কঠিন সময়ে ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনা এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বিতর্কিত ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা জানিয়ে বুন বলেন, ওই অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়েছেন। গত আট বছরে প্যাট কামিন্স ও দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে বোর্ড গর্বিত। কামিন্সের সততা নিয়ে যেকোনো ধরনের সংশয় বা ইঙ্গিত তারা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছেন।
এদিকে কেপটাউন টেস্টের বল বিকৃতি কাণ্ডে নতুন করে তদন্ত শুরুর সম্ভাবনা নাকচ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালের ওই ঘটনায় সংস্থাটির তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং শিরীষ কাগজ ব্যবহারকারী ক্যামেরন ব্যানক্রফটকে দায়ী করা হয়েছিল।
তবে নতুন তদন্ত না করলেও অতীতের ঘটনা থেকে শিক্ষা নিতে উদ্যোগ নিয়েছে বোর্ড। ওই সময়ের খেলোয়াড় ও স্টাফদের অভিজ্ঞতা এবং মতামত জানার জন্য একটি বিশেষ ফোরাম গঠন করা হয়েছে।
বোর্ডের সমর্থন পাওয়ার পর নিজের দায়িত্বের গুরুত্ব তুলে ধরেছেন কামিন্স। তিনি বলেন, অধিনায়কত্বের সঙ্গে বিশাল দায়িত্ব জড়িয়ে আছে। তিনি কখনো এই দায়িত্বকে হালকাভাবে নেননি, ভবিষ্যতেও নেবেন না।
পরিস্থিতি সামাল দিতে বোর্ড চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলীয় অধিনায়ক। ২০১৮ সালের দলের খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ফোরামটিকে তিনি শতভাগ সমর্থন করেন এবং নিজেও সেখানে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বুঝেছেন, তারা সবাই নিজেদের মতামত জানাতে আগ্রহী।
ফোরামে বেশ কিছু কঠিন আলোচনা হবে বলেও মনে করেন কামিন্স। তবে আপাতত এসব বিতর্কের বাইরে থেকে মাঠের ক্রিকেটেই মনোযোগ দিতে চান তিনি। তার ভাষায়, এখন থেকে পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়াই তার প্রধান লক্ষ্য ও অগ্রাধিকার।
পালাবদল/এসএ