শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
 
স্পোর্টস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন তাসকিন, আছেন লিটন





ক্রীড়া প্রতিবেদক
Friday, 23 October, 2026
1:45 PM
Update: 23.10.2026
1:46:42 PM
 @palabadalnet

ছবি: বিসিবি

ছবি: বিসিবি

চোটের কারণে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সুস্থ হয়ে উঠে এই উইকেটরক্ষক-ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলে জায়গা ধরে রাখলেন। আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সবশেষ টেস্টে বিশ্রাম পাওয়া পেসার তাসকিন আহমেদকে ফেরানো হলো স্কোয়াডে।

আগামী বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেজন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অংশ।

আবুধাবিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে ঢুকেছেন কেবল তাসকিন।

গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ টেস্ট দলে ছিলেন তাসকিন। দুই ম্যাচের সিরিজে তার শিকার ছিল ৪ উইকেট। অন্যদিকে, চোটে পড়ার আগে আফগানিস্তানের বিপক্ষে লিটন দেখান ঐতিহাসিক পারফরম্যান্স। টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশছোঁয়া ইনিংস ও ৯ ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি।

সৌম্য ও খালেদ বাদ পড়েছেন ম্যাচ না খেলেই। সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর খালেদের সবশেষ টেস্ট ছিল গত জুনে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

চোটের কারণে এই সিরিজেও খেলতে পারছেন না গতিময় পেসার নাহিদ রানা। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে গত জুলাইয়ে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই কিছুদিন আগে নতুন করে অস্বস্তি বোধ করেন তিনি। পিঠে ব্যথার পাশাপাশি নিতম্বের (হিপ) আশেপাশে দুর্বলতা অনুভব করেছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৫ নভেম্বর শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের লক্ষ্য থাকবে দুটি ম্যাচই জেতার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]