
সংগৃহীত ছবি
ফুটবলে নিজের অর্জনের ঝুলিতে কিছু বাকি নেই লিওনেল মেসির। সব কিছুই পেয়েছেন। এবার তার চোখ ভবিষ্যতের দিকে। আগামী দিনে কারা মাতাতে পারেন বিশ্ব ফুটবল, সেই সম্ভাবনাময় তরুণদের মধ্য থেকে ১০ জনকে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা।
বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের নতুন প্রচারণায় জায়গা পাওয়া এই তালিকায় আছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার তোমাস আরান্দাও। নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে তৈরি এই প্রচারণায় বলা হয়েছে, ‘দশটি অধ্যায়, যা নতুন করে লিখবে ফুটবলের ভবিষ্যৎ। এটি এমন এক গল্প, যার কেবল শুরু হচ্ছে।’
মেসির বেছে নেওয়া সম্ভাবনাময় ফুটবলারদের মধ্যে আরান্দার উপস্থিতি আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ আনন্দের। বোকা জুনিয়র্সের এই তরুণ প্লেমেকার এরই মধ্যে নিজের কারিগরি দক্ষতা ও সৃজনশীল ফুটবলে নজর কেড়েছেন। তার প্রতিভা চোখ এড়ায়নি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলে তাকে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
তবে আপাতত মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তরুণের জন্য মেসির তালিকায় জায়গা পাওয়া নিঃসন্দেহে বড় স্বীকৃতি।
শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিশ্রুতিশীল ফুটবলারদেরও জায়গা দেওয়া হয়েছে এই প্রচারণায়। তাদের মধ্যে আছেন জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি ফুটবলার ইয়ান উজুন, মেক্সিকোর তিহুয়ানার গিলবার্তো মোরা এবং ইংলিশ ক্লাব আর্সেনালের ম্যাক্স ডাউম্যান।
ছেলেদের ফুটবলের পাশাপাশি মেয়েদের ফুটবলের উদীয়মান প্রতিভারাও পেয়েছেন সমান গুরুত্ব। তালিকায় আছেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান ও জার্মানির লোটা ভ্রেডে।
মেসির নির্বাচিত ১০ ফুটবলারের তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ ও নেদারল্যান্ডসের কেস স্মিট।
মেসির বেছে নেওয়া ভবিষ্যতের ১০ তারকা
১. তোমাস আরান্দা -আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন -তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা -মেক্সিকো, তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান -ইংল্যান্ড, আর্সেনাল
৫. জেভিয়ার গোজো -যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ -স্পেন, কোমো ১৯০৭
৭. কেস স্মিট -নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ি সারউই -ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান -ব্রাজিল, ওএল লিওন
১০. লোটা ভ্রেডে -জার্মানি, হামবুর্গার এসভি
পালাবদল/এসএ