
ফাইল ছবি: রয়টার্স
একটি মন্তব্যের জেরে চীনে বড় ধরনের বিপাকে পড়েছেন কিলিয়ান এমবাপে। সেই বিতর্কের আঁচ এবার আরও জোরালোভাবে লেগেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদের গায়ে। ফরাসি তারকার মন্তব্যে ক্ষুব্ধ চীন আগেই স্প্যানিশ লা লিগার সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছিল। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি দেশটির একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে রিয়ালের ম্যাচের ভিডিও। এমনকি নতুন সূচি থেকেও বাদ পড়েছে মাদ্রিদের ক্লাবটির খেলা।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি গত সোমবার থেকে লা লিগার সম্প্রচার বন্ধ রেখেছে। বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, শুক্র ও শনিবার স্প্যানিশ লিগের কোনো ম্যাচই দেখায়নি চ্যানেলটি। ভিয়ারিয়াল-এস্পানিওল, লেভান্তে-অ্যাতলেতিকো মাদ্রিদ কিংবা বার্সেলোনা-আলাভেসের মতো ম্যাচও ছিল না তাদের সম্প্রচারসূচিতে। রোববার ও সোমবারের ম্যাচগুলোও জায়গা পায়নি সেখানে।
তবে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। চীনে লা লিগার ডিজিটাল সম্প্রচারস্বত্ব পাওয়া মিগু প্ল্যাটফর্ম সপ্তাহান্তের অন্য ম্যাচগুলো দেখানোর সিদ্ধান্ত নিলেও রেসিং সান্তান্দেরের বিপক্ষে রিয়ালের ম্যাচটি তাদের সূচিতে রাখেনি।
শুধু আসন্ন ম্যাচই নয়, প্ল্যাটফর্মটি থেকে উধাও হয়ে গেছে রিয়ালের পুরোনো ম্যাচগুলোও। ইএফইর অনুসন্ধানে দেখা গেছে, আগস্ট ও সেপ্টেম্বরের ম্যাচগুলোর তালিকায় অন্য দলগুলোর ফলাফল, হাইলাইটস ও পুরো ম্যাচের ভিডিও থাকলেও রিয়ালের কোনো ম্যাচের তথ্য পাওয়া যাচ্ছে না। সিসিটিভির অ্যাপেও চলতি ও আগের মৌসুমের রিয়ালের ম্যাচ খুঁজে পাওয়া যায়নি।
বিতর্কের সূত্রপাত এমবাপের একটি সাক্ষাৎকার থেকে। নিজের পছন্দের ইন্টারনেট মিম নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, একটি মিমে তার মুখ বসানো হয়েছিল এক ‘চীনা স্বৈরশাসকের’ ছবিতে। নাম উল্লেখ না করলেও ছবিটি ছিল গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুংয়ের।
এমবাপের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি চীন। দেশটির কয়েকটি প্রতিষ্ঠান তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে লা লিগার পাশাপাশি এমবাপেকে নিয়ে তৈরি বিজ্ঞাপন ও ভিডিও প্রচারও বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি সামাল দিতে ফরাসি, চীনা ও ইংরেজি ভাষায় ক্ষমা চান এমবাপে। দুঃখ প্রকাশ করে রিয়াল মাদ্রিদও। লা লিগা কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়। সংস্থাটির সভাপতি হাভিয়ের তেবাস চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দায়িত্বে থাকা চায়না মিডিয়া গ্রুপের কাছে চিঠি পাঠান।
চীনা কর্তৃপক্ষ রিয়ালের ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও তাতে তারা সন্তুষ্ট কি না, তা স্পষ্ট করেনি। লা লিগার সম্প্রচার কবে আবার শুরু হবে, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।
পালাবদল/এসএ