
রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি। ছবি: আইসিজের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার থেকে নেওয়া
উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে নয়জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেছেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু হয়।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে উল্লেখ করেছেন আইসিজে। রোহিঙ্গা ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল।
এ সময় আইসিজের বিচারক ইওয়াসাওয়া বলেন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা উচ্ছেদ অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপরও হামলা চালায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
বিচারক ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের কর্মকাণ্ড ও কৌশলের ব্যাপকতা এবং ধরন একটি জনগোষ্ঠীকে শাস্তি দেয়ার জন্য যা প্রয়োজন, তার সীমা অনেক আগেই ছাড়িয়ে গিয়েছিল। বরং এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় স্পষ্ট হয়েছে।
তিনি আরো বলেন, আদালতের দৃষ্টিতে মিয়ানমারের এসব কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য।
পাশাপাশি সামরিক অভিযানের সময় হত্যাকাণ্ডের আলামত ব্যাপকভাবে ধ্বংস করেছে বলে জানিয়েছেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ পুড়িয়ে ফেলা কিংবা অন্য উপায়ে সরিয়ে ফেলার মাধ্যমে আলামত ধ্বংস করেছে মিয়ানমার। এ ছাড়া যেসব স্থানে সামরিক অভিযান চালানো হয়েছিল, সেসব স্থানও পুড়িয়ে দেয়া এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এসব কর্মকাণ্ডের ফলে ২০১৭ সালে কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্তের পথ বাধাগ্রস্ত হয়েছে।
এর আগে ওই অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে বিচারক বলেন, নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার বিষয়টি আদালত স্বীকার করে। এসব হামলার মধ্যে গ্রাম পুড়িয়ে দেয়ার ঘটনাও ছিল। তবে আদালতের কাছে থাকা প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে।
রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে আইসিজে। বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্প-সংস্কৃতি রয়েছে। তারা নিজেদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও পরিচয় দেয়। কয়েক দশক ধরে মিয়ানমারে এ জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয়েছে। ফলে গণহত্যা সনদের আওতায় সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য তারা।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে। আদালতের সামনে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
মিয়ানমারের বিভিন্ন বিধিনিষেধের কারণে রোহিঙ্গাদের জন্মহারের ওপর কী ধরনের প্রভাব পড়েছিল, তা-ও তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, মিয়ানমার সরকার এমন কিছু আঞ্চলিক নির্দেশনা জারি করেছিল, যেখানে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেয়ার বাধ্যবাধকতা ছিল। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সন্তানসংখ্যা দুইয়ে সীমিত করে দেয়া হয়েছিল। এসব নীতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্মহার কমানোর চেষ্টা করা হয়েছিল বলে মিয়ানমার স্বীকার করেছে। যদিও নীতিগুলো জন্মহার কমানোর ক্ষেত্রে সফল হয়নি।
বিচারক বলেন, আদালত মনে করে, এ নির্দেশনা ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেয়া একটি জবরদস্তিমূলক ব্যবস্থা। এর অন্তত একটি উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির মধ্যে জন্মহার কমানো, যার প্রয়োগ ২০১৭ সালের উচ্ছেদ অভিযানের সময়ও অব্যাহত ছিল। অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এ নীতিও রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধে রাষ্ট্রীয় অভিপ্রায়ের ইঙ্গিত দেয়।
এ ছাড়া সামরিক অভিযানের সময় যৌন সহিংসতা চালানোর বিষয়টিও তুলে ধরেন বিচারক। তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা কমে যায়।
আদালতের হিসাবে, ২০১৭ সালের সামরিক অভিযানের আগে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। অভিযানের সময় এ জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। বিচারক ইওয়াসাওয়া বলেন, এ সংখ্যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। জনগোষ্ঠীটির আকার বিবেচনায় গণহত্যা সনদের আওতায় একে একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা যায়।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও প্রচারণার বিষয়েও আদালতের পর্যবেক্ষণ তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া। আদালত বলেছেন, ২০১৭ সালের সামরিক অভিযানের সময় মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে রোহিঙ্গাবিরোধী ঘৃণামূলক বক্তব্য প্রচার ও ছড়িয়ে দিয়েছিল। এ প্রচারণার সঙ্গে সামরিক অভিযানের সরাসরি যোগসূত্র ছিল।
বিচারক বলেন, এসব বক্তব্যে রোহিঙ্গাদের ‘মানুষের চেয়ে নিম্ন’ এবং ‘সহিংস হুমকি’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এর ফলে একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে হামলা চালানোর অনুকূল পরিবেশ তৈরি হয়।
রায়ের পর্যবেক্ষণে আইসিজের বিচারক ইওয়াসাওয়া জানান, গণহত্যার অপরাধে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কমান্ডারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি বলেন, গণহত্যা সনদের ৩ অনুচ্ছেদে উল্লেখিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে পারেনি মিয়ানমার।
গণহত্যা সনদের ৩ অনুচ্ছেদ অনুযায়ী, গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, গণহত্যায় সরাসরি ও প্রকাশ্যে উসকানি, গণহত্যার চেষ্টা এবং গণহত্যায় সহযোগিতা শাস্তিযোগ্য অপরাধ।
বিচারক আরো বলেন, গণহত্যা সনদের ১, ৪ ও ৬ অনুচ্ছেদের আওতায় গণহত্যার অপরাধের শাস্তি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে মিয়ানমার।
২০১৭ সালের সামরিক অভিযানের সময় সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের হিসাবে, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি।
গাম্বিয়ার করা মামলায় রায়
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে দেশটি এ মামলা দায়ের করে। গাম্বিয়ার অভিযোগ ছিল, কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালানোর ধারাবাহিকতায় ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী তাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এটি ১৯৪৮ সালের গণহত্যা সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের স্বীকৃতি, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশনা চেয়েছিল।
অন্যদিকে মিয়ানমারের দাবি ছিল, রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে আদালত বলেছে, নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার প্রমাণের অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই।
২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। পরে ২০২২ সালে আদালত জানায়, গাম্বিয়া সরাসরি সংঘাতের পক্ষ না হলেও গণহত্যা সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার অধিকার তার রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি দেশ গাম্বিয়ার অবস্থানের প্রতি সমর্থন জানায়।
রোহিঙ্গাদের দীর্ঘদিনের নিপীড়ন
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ইতিহাস দীর্ঘদিনের। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে দেশটির স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়া হয়। তাদের অভিবাসী বাঙালি হিসেবে চিহ্নিত করা হয়। অথচ বহু রোহিঙ্গা পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়ার কারণে রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।
২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে প্রথম দফায় তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ২০১৭ সালের আগস্টে আরও বড় আকারে সামরিক অভিযান চালানো হয়। জাতিসংঘের তদন্তকারীরা জানান, এ সময় শত শত রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়। ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। নারী ও শিশুরা ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
এদিকে ২০২৩ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ নতুন করে শুরু হওয়ার পর রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র সংগঠনটি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি—উভয় পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের শুরু থেকে নতুন করে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের প্রশ্ন
আইসিজের রায়কে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তবে এই রায়ের ফলে তাদের জীবনযাত্রায় তাৎক্ষণিক পরিবর্তন আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও ডাবলিনের ট্রিনিটি কলেজের অধ্যাপক মাইকেল বেকার বলেছেন, গণহত্যার স্বীকৃতি রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা সহজ হবে না। গাম্বিয়া আদালতের কাছে রোহিঙ্গাদের নিরাপদে নিজ ভূমিতে ফিরে যাওয়ার ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং ধ্বংস হওয়া বাড়িঘর ও সম্পত্তি পুনর্নির্মাণের নির্দেশনা চেয়েছে।
তবে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে এসব দাবি বাস্তবায়ন কঠিন হতে পারে বলে মনে করেন বেকার। তার মতে, আদালতের রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম শাবাস মনে করেন, আদালতের সিদ্ধান্ত কার্যকর হলে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
ভবিষ্যতের গণহত্যা মামলায় প্রভাব
মিয়ানমারের বিরুদ্ধে এ রায় আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন পাঁচটি গণহত্যা মামলার মধ্যে প্রথম চূড়ান্ত রায়। আইন বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত ভবিষ্যতে গণহত্যার অভিপ্রায় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলার ওপরও এর প্রভাব পড়তে পারে। ওই মামলায় ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে।
বিশেষজ্ঞদের মতে, সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতেও গণহত্যার অভিপ্রায় প্রতিষ্ঠিত হতে পারে কি না, সে বিষয়ে আইসিজের এ রায় গুরুত্বপূর্ণ আইনি ব্যাখ্যা দেবে। ফলে শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের প্রশ্নেই নয়, বিশ্বজুড়ে গণহত্যা প্রতিরোধ ও বিচারের ক্ষেত্রেও এ রায় তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।