সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
 
সারাবাংলা
টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাড়িতে আগুন





গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 15 November, 2026
11:49 PM
 @palabadalnet

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায়ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায়ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব সহিংসতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় কয়েকজন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, গত ১০ নভেম্বর হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই ঘটনায় করা মামলার বাদী এসআই মোসলেম আলী আজ হামলার শিকার হয়েছেন।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লগি-বইঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় ১৩ নভেম্বর এসআই মোসলেম আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়।

এদিকে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। এ সময় ভবনের নিচতলায় থাকা তার দোকান থেকে মালামাল লুট করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির ওই নেতার বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। এ ছাড়া তার মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকারও বাড়ি থেকে লুট করা হয়েছে।

শরীফ রফিকুজ্জামান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নির্দেশেই এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে তাদের আশঙ্কা। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কর্মকাণ্ড ও আস্ফালন দেখে মনে হচ্ছে, তারা এখানেই থেমে থাকবেন না। ভবিষ্যতে আরও অরাজকতা, লুটপাট ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। এর আগেও বিএনপির একাধিক নেতা-কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

এর আগে রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র দেখা যায়।

মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]