
জাকির শেখ। ছবি: সংগৃহীত
খুলনার রূপসায় জাকির শেখ (৪৩) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাকির শেখ রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তিনি স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টায় জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি মাসুম খান জানান, রাত ১০টায় স্বল্প বাহিরদিয়া এলাকায় হীরকের দোকানের সামনে দুর্বৃত্তরা জাকির শেখকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।
গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর-এই ২০ দিনে খুলনায় গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এসব গুলিতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২০ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
সব মিলিয়ে ২০ দিনে ৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৫টি ঘটেছে খুলনা নগরে, বাকি ৪টি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। আর চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি করে মোট ৭৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
একের পর এক গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের তথ্যও আসছে। তবু গুলি ও হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না।
পালাবদল/এসএ