বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
 
দক্ষিণ এশিয়া
ভারত থেকে পাকিস্তানে আমদানি বাড়ছে, কারণ কী?





পালাবদল ডেস্ক
Wednesday, 11 November, 2026
11:28 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও পাকিস্তানের বৈরিতার ইতিহাস বহু বছরের। দুই দেশে সরকার ও ক্ষমতাসীন দল কয়েক দফা বদলালেও দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন পরিবর্তন আসেনি। ২০২৫ সালের বসন্তে দুই দেশের মধ্যে অধিকাংশ যোগাযোগও বন্ধ হয়ে যায়।

ওই বছরের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে।

এরপর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয়। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর পানি বণ্টন নিয়ন্ত্রণ করে এই চুক্তি। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ, ওয়াঘা সীমান্ত দিয়ে চলাচল বন্ধ এবং বাণিজ্য স্থগিত করে পাকিস্তান।

মে মাসে পরিস্থিতির আরও অবনতি হয়। পরমাণু শক্তিধর দুই রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে। চার দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান ঘটে যুদ্ধবিরতির মধ্য দিয়ে।

যুদ্ধের ১৮ মাস পর পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দুই দেশের বাণিজ্য ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় এই আমদানি ৬৯ শতাংশ বেশি।

সর্বশেষ পরিসংখ্যানে কী দেখা যাচ্ছে?

বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির বিপরীতে পাকিস্তানের ব্যাংকগুলো কত অর্থ পরিশোধ করেছে, তার হিসাব রাখে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানির বিপরীতে পাকিস্তানের পরিশোধ করা অর্থের পরিমাণ ছিল ৩ কোটি ৬৬ লাখ ডলার।

যুদ্ধের পর ভারত থেকে আমদানির বিপরীতে মাসিক পরিশোধের পরিমাণ কমে যায়। ২০২৫ সালের এপ্রিলে চার দিনের যুদ্ধ শুরুর ঠিক আগে এর পরিমাণ ছিল ২ কোটি ডলার। জুনে তা কমে ৯২ লাখ ডলার এবং জুলাইয়ে ৮২ লাখ ডলারে দাঁড়ায়। তবে সেপ্টেম্বরে আবার বেড়ে ১ কোটি ৯৬ লাখ ডলার হয়।

গত জুনে শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানির বিপরীতে পাকিস্তান ২০ কোটি ৩৮ লাখ ডলার পরিশোধ করেছে। আগের অর্থবছরের তুলনায় এ পরিমাণ ৭ দশমিক ৬ শতাংশ কম।

তবে মাসিক গড় হিসাবে দেখা যাচ্ছে, আমদানির বিপরীতে পরিশোধের পরিমাণ প্রায় আগের পর্যায়ে ফিরে এসেছে। সংঘাতের আগের ১২ মাসে মাসিক গড় পরিশোধের পরিমাণ ছিল ১ কোটি ৯৩ লাখ ডলার। আর ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৩ মাসে তা ছিল ১ কোটি ৯১ লাখ ডলার।

পণ্যভিত্তিক আমদানির হিসাব রাখা সরকারি বাণিজ্যিক তথ্যের হিসাবে, সর্বশেষ প্রান্তিকে ভারত থেকে পাকিস্তানের আমদানির মূল্যমান ছিল ৬ কোটি ২৬ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ কোটি ৬৬ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব ও সরকারি বাণিজ্যিক তথ্যের এ পার্থক্যের কারণ হলো, কেন্দ্রীয় ব্যাংক আমদানির বিপরীতে পরিশোধ করা অর্থের হিসাব রাখে। অন্যদিকে সরকারি বাণিজ্যিক তথ্য পণ্যভিত্তিক আমদানির মূল্যমান তুলে ধরে।

ভারত থেকে কী কী পণ্য আমদানি করে পাকিস্তান?

সরকারি বাণিজ্যিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে পাকিস্তানের মোট আমদানির ৯৬ দশমিক ২ শতাংশ ছিল জৈব রাসায়নিক ও ওষুধশিল্পের পণ্য। আগের অর্থবছরে এ হার ছিল ৯৩ শতাংশ।

সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে টিকা, রক্তের উপাদান থেকে তৈরি চিকিৎসাপণ্য ও এ ধরনের অন্যান্য পণ্য। এ খাতে আমদানির পরিমাণ ছিল ৯ কোটি ৩৬ লাখ ডলার, যা আগের অর্থবছরে ছিল ৭ কোটি ৩ লাখ ডলার। এর মধ্যে মানুষের ব্যবহারের জন্য টিকা আমদানি ১ কোটি ১১ লাখ ডলার থেকে বেড়ে ৩ কোটি ২৩ লাখ ডলারে দাঁড়িয়েছে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান নাজিব বলেন, দাম ও সরবরাহের সুবিধার কারণে ভারত থেকে এসব পণ্য আমদানি করছে পাকিস্তান।

নিষেধাজ্ঞার মধ্যেও কীভাবে বাণিজ্য চলছে?

২০২৫ সালের সংঘাতের আগেই ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা চালু করে পাকিস্তান। ২০১৯ সালের ৯ আগস্ট ভারত-শাসিত কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের কয়েক দিন পর পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ভারতে উৎপাদিত বা দেশটি থেকে পাঠানো পণ্য আমদানি নিষিদ্ধ করে।

তবে এক মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ড্র্যাপ) নিয়ন্ত্রণাধীন ওষুধ ও চিকিৎসাসামগ্রীকে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত করা হয়।

২০২৫ সালে পেহেলগামে হামলা এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) আরও নিষেধাজ্ঞা আরোপ করে।

২০২৫ সালের ২৪ এপ্রিল এক বিবৃতিতে এনএসসি জানায়, “ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত করা হলো। পাকিস্তানের মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য আনা-নেওয়ার বাণিজ্যও এর আওতায় থাকবে।”

তবে পাকিস্তানের আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি সহজ করতে কাজ করা সরকারি সংস্থা ট্রেড ডেভেলপমেন্ট অথরিটি অব পাকিস্তানের (টিডিএপি) সাবেক প্রধান নির্বাহী মুহাম্মদ জুবায়ের মোতিওয়ালা বলেন, তৃতীয় দেশ হয়ে এখনো কিছু ভারতীয় পণ্য পাকিস্তানে প্রবেশ করছে।

তিনি আল জাজিরাকে বলেন, “ভারতীয় পণ্য দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ঘুরে পাকিস্তানে আসছে। তবে এসব পণ্যের হিসাব রাখা হয় উৎপত্তির দেশ অনুযায়ী।”

নাম প্রকাশ না করার শর্তে ড্র্যাপের এক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানের বাণিজ্যিক সিদ্ধান্তের ক্ষেত্রে শেষ পর্যন্ত একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ-জাতীয় স্বার্থে প্রয়োজন হলে ভারত থেকে পণ্য আমদানি করবে পাকিস্তান। ওষুধশিল্পের পণ্যের ক্ষেত্রেই পাকিস্তানের ভারতনির্ভরতা সবচেয়ে স্পষ্ট।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশটির মোট ৬ হাজার ৪৫০ কোটি ডলারের আমদানির মাত্র ০.৩ শতাংশ এসেছে ভারত থেকে। এ সময়ে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন থেকে ১ হাজার ৯৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি।

তবে ওষুধশিল্পের চিত্র ভিন্ন। ২০২৪ সালে, অর্থাৎ চার দিনের যুদ্ধের আগে, পাকিস্তানে ওষুধ সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, এ ক্ষেত্রে ভারত থেকে সামান্য এগিয়ে ছিল বেলজিয়াম।

মোতিওয়ালা বলেন, ভারতীয় সরবরাহকারীদের বিকল্প খুঁজতে গেলে কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

“আমরা এই বাণিজ্য আবার চালু করতে চাই। আমাদের কাঁচামাল ভারত থেকে আসে। অন্য জায়গা থেকেও তা সংগ্রহ করা যায়। তবে অন্য দেশ থেকে আমদানি করলে খরচ ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায়।”

নাজিব বলেন, সরবরাহকারী পরিবর্তন করলে ব্যয়ের ওপর প্রভাব পণ্যের ধরন অনুযায়ী ভিন্ন হবে।

দুই দেশের সম্পর্কে কি বরফ গলার আভাস মিলছে?

টিডিএপির সাবেক প্রধান নির্বাহী মুহাম্মদ জুবায়ের মোতিওয়ালা আরও বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের উত্তেজনা কিছুটা কমছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, “আমার মনে হয়, বরফ গলতে শুরু করেছে। তেমনটাই মনে হচ্ছে। সম্প্রতি জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। দুই দেশের দলের খেলোয়াড়েরাও হাত মিলিয়েছেন।”

২০২৬ সালের ২৯ আগস্ট ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে জেলেসহ ২৫ পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠায় ভারত।

গত সপ্তাহে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারে পাকিস্তান। ম্যাচের আগে ও পরে দুই দলের ফুটবলাররা হাত মেলান। সাম্প্রতিক সময়ে অন্য খেলায় দুই দেশের খেলোয়াড়দের মধ্যে এ ধরনের সৌজন্য বিনিময় এড়িয়ে চলার প্রবণতা দেখা গেছে। সে তুলনায় এটি ছিল ব্যতিক্রম।

অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নাজিব বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে উভয়ই লাভবান হতে পারে।

“অর্থনৈতিক বিষয়গুলোকে বিদ্যমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। পরিস্থিতি অনুকূলে থাকলে অর্থনৈতিক ও মানবিক সুবিধা স্পষ্ট, এমন খাত দিয়ে শুরু করে ধীরে ধীরে এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাণিজ্য পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে”, যোগ করেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]