
ফাইল ছবি
সরকারি দায়িত্ব পালনের জন্য ব্যক্তিগত সুবিধা বা ‘উপহার’ গ্রহণের কথা বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কি পরোক্ষভাবে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, এমন প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
প্রতিমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং বক্তব্যের পেছনে সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করায় প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় টিআইবি।
গতকাল এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কাজের মান ঠিক রেখে দ্রত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তিনি জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেবেন কেন?
তিনি বলেন, যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা প্রদানসহ দুর্নীতির ব্যাপকতর বিস্তার ঘটাবে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নতুন করে চিন্তা’ করার নামে প্রতিমন্ত্রী কি সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের অধিকতর বিকাশ ও তার সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন? তার এই বক্তব্য সরকারের অবস্থান কি-না, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।
তিনি আরও বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে আছে, তা জনসমক্ষে জানাতে হবে। দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য। দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা প্রতিদান অপর্যাপ্ত জেনেও মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অন্যদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করতে পারে, এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি নিতে হয়। এই দুটি সীমিত বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অনুমতি দেয় না।
‘যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তার নিরপেক্ষতা থাকবে কীভাবে? এমন লেনদেন তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, অন্য ঠিকাদারদের সমান সুযোগও ক্ষুণ্ন করতে পারে। এছাড়া ঠিকাদারের সঙ্গে প্রকৌশলীর যোগসাজশের দুর্নীতি আরও বৃদ্ধি পাবে। একই চর্চা অন্য সরকারি দপ্তরে ছড়িয়ে পড়বে, সেবা দেওয়ার পূর্বশর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায় করাও স্বাভাবিকতায় পরিণত হবে। আজ যে উপহার স্বেচ্ছায় দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে, কাল তা সর্বব্যাপী নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ আদায় সরকার ঘোষিত শর্তে পরিণত হবে’, বলেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী এক সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তার পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। বাস্তবে এক্ষেত্রে প্রতিমন্ত্রীর সঙ্গে সিনিয়র সচিবের যোগসাজসমূলক দুর্নীতির প্রতিষ্ঠানিকীকরণের ষড়যন্ত্র চলছে কি না, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমন অবস্থান সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর ও আত্মঘাতী। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে ‘সমঝোতার লেনদেন’ হিসেবে আখ্যায়িত করার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন লাগামহীন দুর্নীতিসহায়ক অবস্থান যে নিজেদের জন্যই অশনিসংকেত, তা সরকারকে বুঝতে হবে।
পালাবদল/এসএ