
আলফাজ আনাম। ছবি: সংগৃহীত
গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তাতে মানুষের মধ্যে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব দল এক হয়ে মাঠে নামছে না কেন? আসলে কি সেই পরিস্থিতি এখন আছে ? না নেই। আওয়ামী লীগকে মোকাবিলার দায়িত্ব এখন পুলিশ প্রশাসন ও ক্ষমতাসীন দলের। সত্যি কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো ইচ্ছা বিএনপির ছিল না। এখনও অনেকের তা নেই। আজকে সরকারের অত্যন্ত ক্ষমতাধর তথ্য উপদেষ্টার বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যাবে তারা আওয়ামী লীগকে স্পেস দিতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে সেই স্পেস কিভাবে দেবে তা বিএনপির অজানা। এ নিয়ে দলের মধ্যে স্পষ্টত বিভাজন আছে।
হাসিনার দেড় দশকের শাসনে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি গড়ার কিংবা নির্বাচনে আনার কম চেষ্টা করা হয়নি। কিন্তু হাসিনা তাতে সফল হয়নি। এখন বিএনপি যদি মনে করে হাসিনাবিহীন আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবে-তা কখনো হবে না। হাসিনা ও আওয়ামী লীগ মনে করে ৫ আগস্ট ষড়যন্ত্র করে তাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। তারেক রহমান ১৭ বছর পর দেশে এসে ক্ষমতা নিয়েছে। তাহলে ইনডিয়ার ব্যাকআপ নিয়ে হাসিনা কেন ক্ষমতায় আসতে পারবে না ? এই যুক্তিতে আওয়ামী লীগের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। এর ক্ষেত্রে তৈরি করে দিয়েছে বিএনপি । নির্বাচনের আগে থেকে তারা আওয়ামী লীগের পুরো সফট পাওয়ারকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে এবং দিচ্ছে। অনেকর সাথে তারেক রহমান নিজে টেলিফোনে কথা বলেছেন। তারা ভেবেছিলেন এদের বিএনপির পক্ষে ব্যবহার করবেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছে বৈরি পরিস্থিতির মধ্যে তাদের পক্ষে অনেকে কথা বলছেন।
নির্বাচনের পর বিএনপির অনেক হিসাবে গোলমাল হয়ে যায়। নির্বাচনের এক মাস আগে বিএনপির একজন কৌশলবিদ আমাকে বলেছিলেন বিরোধী দল হবে জাতীয় পার্টি -জামায়ায়াত পাবে ১৮ থেকে ২০ আসন পাবে। কিন্তু ভোটের হিসাব এই কৌশলবিদদের অনেক পরিকল্পনা ভেস্তে দিয়েছে। নির্বাচনে বিএনপি পেয়েছে ৪৯ শতাংশ ভোট, জামায়ায়াত- এনসিপি পেয়েছে ৩৮ শতাংশ ভোট। সংখালঘু ভোট একচেটিয়াভাবে পেয়েছে বিএনপি। আওয়ামী লীগের প্রভাবাধীন প্রতিটি এলাকার প্রতিটি আসন বিএনপি জিতে গেছে।
এসব এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির এক ধরনের বোঝাপড়া হয়েছে। ফলে আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক তৎপরতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। যেকোনো ফর্মে আওয়ামী লীগ ফিরে আসুক না কেন দলটির রাজনীতি নির্ভর করবে ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ করার মধ্যদিয়ে। প্রশ্ন হলো আওয়ামী লীগকে ফিরে এনে বিএনপি কি বিরোধী দল হতে চায়? আর বিরোধী দল যে বিএনপি হবে তার নিশ্চয়তাই বা কি?
এ কথা সত্য জামায়ায়াত-এনসিপিকে ছাড় দেবে না আওয়ামী লীগ। দেশের বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা হবে। অপরদিকে বিরোধী দল জামায়ায়াত-এনসিপিকে বিএনপি ভয় দেখাতে চায়। তারা বলতে চায় আওয়ামী লীগ আসলে তাদের অস্তিত্ব থাকবে না। কিন্তু তার আগে যে বিএনপি সরকারের অস্তিত্ব হুমকিতে পড়বে সেদিকে তাদের খেয়াল নেই। এছাড়া গত দেড় দশকে জামায়ায়াত যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং তাদের পুরো নেতৃত্বর ফাঁসি দেওয়ার পর বড় কোনো ভাঙন ছাড়া দলের হাল ধরে রাখতে পেরেছে। বৈরি পরিবেশে জামায়াতের টিকে থাকার সক্ষমতা যতটা আছে বিএনপির তা নেই।
এখন বিএনপি যদি বিরোধী দলকে সাথে নিয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করতে চায় তাহলে ঐক্যর ডাক তাদের দিতে হবে। মনে রাখতে হবে বিরোধী দল সরকারের কোনো কোয়ালিশন পার্টনার নয়। কোয়ালিশন পার্টনার নুরু- রাশেদ ও জোনায়েদ সাকি। আওয়ামী লীগ মোকাবিলায় বড় জোর বিএনপি তাদের মাঠে নামাতে পারে। সরকার ইতোমধ্যে বিরোধী দলের সাথে যে দূরত্ব তৈরি করেছে তাতে আওয়ামী অরাজকতা ঠেকানোর জন্য বিরোধী দল নিজ থেকে মাঠে নামার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।
খালেদা জিয়ার সময়ে বিএনপি যেভাবে জামায়াতকে তাদের পাশে পেয়েছে এখন আর পাবে না। কারণ তখন জামায়াত ছিল বিএনপির ক্ষমতার অংশীদার। এছাড়া নিজামী- মুজাহিদ কিংবা সাঈদীর মতো নেতাদের সাথে খালেদা জিয়ার যে বোঝাপড়া এবং সম্মান ও মর্যাদার সর্ম্পক ছিল-এখনকার জামায়াত নেতাদের সাথে বিএনপির সর্ম্পক তেমন নয়। এছাড়া জামায়াতের এখনকার নেতাদের যত দুর্বলতা থাকুক না কেন- বাস্তবতা হচ্ছে তারা আওয়ামী লীগের আমলে জেল-জুলুম সহ্য করে নানা কৌশলে দলকে এ পর্যায়ে এনেছে। এখানে তাদের পুরানো নেতাদের তেমন কোনো ভূমিকা নাই। তারা বিএনপিকে স্রেফ একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসাবে দেখে। বিএনপির প্রতি বিশেষ ভালোবাসা তারা দেখাবে না। বিএনপির ভেতরের একটি অংশ মনে করে, জামায়াত বিরোধী দল হওয়ার যোগ্য নয় বরং আওয়ামী লীগ বিরোধী দল হলে ভালো। বিএনপির এই অবস্থান জামায়াতের নেতারা জানেন, ফলে তারা ধরে নিতে পারেন উভয় দলকে মোকাবিলা করে তাদের টিকে থাকতে হবে। ফলে আওয়ামী লীগ ফিরে আসলে জামায়াতের কী হবে-এর চেয়ে বরং চিন্তা করা উচিত বিএনপির কী হবে?
বিএনপির সরকারের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুলিশ ও আমলাতন্ত্র। এই প্রশাসন দিয়ে বলপ্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে মোকাবিলা করা কঠিন হবে। সরকারের টপ আমলাদের বড় অংশ টাকার বিনিময়ে সব স্থানে আওয়ামী লীগের লোকদেরে পুরর্বাসন করেছে। প্রশাসন থেকে জামায়াত- শিবির তাড়ানোর নামে তারা এই কাজটি সফলভাবে করতে সক্ষম হয়েছে। পুলিশ ও আমালতন্ত্রে এখন আওয়ামী লীগ ও ঘুষখোর বিএনপি ছাড়া কেউ নেই।
আওয়ামী লীগ প্রশাসনের ভেতরের খবর খুব ভালোই রাখে। আওয়ামী লীগ যে তাদের সেটআপ বহাল রেখে চূড়ান্ত অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই। ড. ইউনূসের আমলে পুলিশ প্রশাসন দুর্বল থাকার পরও আওয়ামী লীগ এ ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে পারেনি। কিন্তু দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত সরকার আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলা করতে পারছে না। এর কারণ জাতীয় ঐক্যতে বিভাজন। এখন বিএনপি জুলাইকে আপহোল্ড করে জাতীয় ঐক্য গড়ে তুলবে, নাকি আওয়ামী চোরাবালিতে পড়ে যাবে- সেটিই এখন দেখার বিষয়।
আলফাজ আনাম: সহযোগী সম্পাদক, আমার দেশ