
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের প্রতিকৃতি। রেডিও পাকিস্তান/ফাইল ছবি
আল্লামা ইকবাল কখনো কল্পনাও করতে পারেননি, যে শহরে ১৯৩০ সালে তিনি ভারতে একটি পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন, একদিন সেই শহরের মুসলিম নামটিই মুছে ফেলা হবে। অথচ এমন ঘটনাই মুসলিম পরিচয় নিয়ে তার আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে।
প্রতি বছর ৯ নভেম্বর পাকিস্তানে ইকবাল দিবস পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবধারিতভাবে আলোচনায় আসে ইকবালের ঐতিহাসিক ‘এলাহাবাদ ভাষণ’। কারণ, এই ভাষণের মধ্য দিয়েই ইকবাল পাকিস্তান রাষ্ট্রের ধারণার প্রবক্তা হিসেবে স্বীকৃতি লাভ করেন।
১৯৩০ সালের ২৯ ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতির ভাষণে ইকবাল যুক্তি তুলে ধরেন, হিন্দু নেতৃত্ব ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে যোগসাজশ করেছে। এই যোগসাজশ ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় মুসলমানদের একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ১৯৪৭ সালে সেই রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান নামে।
কিন্তু আজ ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতৃত্ব শুধু পাকিস্তানকে নিশ্চিহ্ন করতে চায় না, বরং ভারতের কোটি কোটি মুসলমানের ধর্মীয় পরিচয়ও ধ্বংস করতে চায়।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইসলামবিদ্বেষ এবং মসজিদ ভাঙার জন্য কুখ্যাত। তিনি শুধু এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেননি; কিছুদিন আগে উত্তর প্রদেশ বিধানসভায় দেওয়া এক ভাষণে ভারতের বিভক্তির জন্য ইকবালকে দায়ী করে তার বিরুদ্ধে আক্রমণও করেছেন।
উত্তর প্রদেশের সরকারি স্কুলগুলোতে ইকবালের বিখ্যাত কবিতা ‘বাচ্চে কি দোয়া’ (শিশুর প্রার্থনা) আবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে। অথচ কবিতাটির কোথাও হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। ভারতের স্কুলে ইকবালের কবিতা নিষিদ্ধ করা কিংবা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে তাকে বাদ দেওয়ার চেষ্টা করলেও ‘শায়ের-ই-মাশরিক’ বা প্রাচ্যের কবি হিসেবে তার মর্যাদা একটুও কমবে না।
বরং এসব ঘটনা প্রমাণ করে, এই অঞ্চলের মুসলমানদের জন্য ইকবাল কত বড় কল্যাণকামী ছিলেন। তিনি ‘তারানা-ই-হিন্দি’ (ভারতের সংগীত) ছেড়ে ‘তারানা-ই-মিল্লি’ (মুসলিম সম্প্রদায়ের সংগীত) রচনা করেছিলেন। কারণ, ১৯৩০ সালেই তিনি মুসলমানদের জন্য যে বিপদের আশঙ্কা করেছিলেন, ২০২৬ সালে নরেন্দ্র মোদির মুসলিমবিরোধী নীতির মধ্য দিয়ে আজ তা পুরো বিশ্ব দেখতে পাচ্ছে।
এখানে সবচেয়ে বড় পরিহাস হলো, ভারতের হিন্দুত্ববাদীরা এলাহাবাদ ভাষণে পৃথক মুসলিম রাষ্ট্রের প্রস্তাব দেওয়ার কারণে ইকবালকে ঘৃণা করে। অন্যদিকে পাকিস্তানের কিছু বুদ্ধিজীবী সচেতনভাবে কিংবা অজান্তে সেই ভাষণ সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য যেন ইকবালের সঙ্গে পাকিস্তান রাষ্ট্রের ধারণার সম্পর্ক ছিন্ন করা।
ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে লন্ডনপ্রবাসী ব্যাংকার ইউসুফ নজরের একটি নিবন্ধ পাঠান। নিবন্ধটি ২০২৬ সালের ২৯ অক্টোবর স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এর জবাব দেওয়া জরুরি। কারণ, আবারও ইকবাল ও পাকিস্তান রাষ্ট্রের ধারণার মধ্যকার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করা হয়েছে।
নিবন্ধটি চোখ বুলিয়ে আমি তাকে বললাম, এতে নতুন কিছু নেই। এডওয়ার্ড থম্পসনের সঙ্গে ইকবালের বিতর্কের পুরোনো ঘটনাই নতুন করে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে মাত্র কয়েক দিন আগেই আমি আমার মতামত জানিয়েছি।
তিনি বারবার অনুরোধ করায় আমি তাকে বললাম, ‘এবার আপনি নিজেই এর জবাব লিখছেন না কেন?’
তিনি বললেন, ‘আমরা সরকারি চাকরি করি। এলাহাবাদ ভাষণের প্রকৃত তাৎপর্য তুলে ধরলে আমার চাকরি ঝুঁকির মুখে পড়বে।’
আমি জানতে চাইলাম, ‘কেন?’
তিনি বললেন, ‘আপনি জানেন, ওই ভাষণে শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও হিন্দুত্ববাদী উগ্রতার যোগসাজশকে মুসলিম পরিচয়ের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি, আরব রাজতন্ত্রকেও হুমকি হিসেবে দেখানো হয়েছে। অধ্যাপক ফতেহ মুহাম্মদ মালিক এ বিষয়ে বক্তব্য দেওয়ার পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদ হারিয়েছিলেন। আমি সেই ঝুঁকি নিতে চাই না।’
ইকবালের পাকিস্তানে এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরই ইকবালের পক্ষে কথা বলতে ভয় পাওয়া অত্যন্ত দুঃখজনক।
যারা দাবি করেন, ইকবাল পৃথক কোনো রাষ্ট্রের প্রস্তাব দেননি; বরং ভারতীয় ফেডারেশনের মধ্যে একটি মুসলিম প্রদেশ চেয়েছিলেন, তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এলাহাবাদ ভাষণের পূর্ণাঙ্গ পাঠ। এ বিষয়ে কিছু বলা বা লেখার আগে সবারই ভাষণটি সম্পূর্ণ পড়া উচিত।
ভাষণটি পড়লে বোঝা যায়, ইকবাল আসলে কায়েদে আজমের ১৪ দফা দাবির পক্ষেই যুক্তি তুলে ধরেছিলেন। ১৯২৯ সালের মার্চ মাসে এই ১৪ দফা উপস্থাপন করা হয়েছিল।
১৪ দফার প্রথম দাবিতে বলা হয়েছিল, ভারতের সংবিধান হবে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর। দ্বিতীয় দাবিতে বলা হয়েছিল, সব প্রদেশ সমান স্বায়ত্তশাসন ভোগ করবে। অর্থাৎ কায়েদে আজম একটি ভারতীয় ফেডারেশনের মধ্যে মুসলমানদের অধিকার নিশ্চিত করার কথা বলেছিলেন।
এবার এলাহাবাদ ভাষণে ইকবালের নিজের বক্তব্য বিবেচনা করা যাক।
তিনি বলেছিলেন, ‘আমি পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে একীভূত করে একটি একক রাষ্ট্র দেখতে চাই। ব্রিটিশ সাম্রাজ্যের ভেতরে কিংবা ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে স্বশাসিত অবস্থায় উত্তর-পশ্চিম ভারতের একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠাই অন্তত উত্তর-পশ্চিম ভারতের মুসলমানদের চূড়ান্ত গন্তব্য বলে আমার মনে হয়।’
এরপর তিনি আরও বলেন, ‘ভারত ও ইসলামের বৃহত্তর স্বার্থে আমি একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
ভারতের জন্য এর অর্থ হলো অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা। আর ইসলামের জন্য এর অর্থ হলো আরব সাম্রাজ্যবাদ যে ছাপ ইসলামের ওপর চাপিয়ে দিয়েছিল, তা থেকে মুক্ত হওয়ার সুযোগ।’
ইকবাল এমন একটি মুসলিম রাষ্ট্র চেয়েছিলেন, যেখানে রাজতন্ত্র কিংবা সাম্রাজ্যবাদী শাসনের কোনো জায়গা থাকবে না।
তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ভারতীয় ফেডারেশনের মধ্যে একটি মুসলিম প্রদেশ প্রতিষ্ঠার প্রস্তাবে গভীরভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। তার অসন্তোষের কথা বেশ কয়েকটি সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়া, ট্রিবিউন ও প্রতাপের মতো প্রভাবশালী হিন্দু সংবাদপত্রও ইকবালের কঠোর সমালোচনা করেছিল। একইভাবে সমালোচনা করেছিলেন কংগ্রেসপন্থী ব্রিটিশ বুদ্ধিজীবী এডওয়ার্ড থম্পসন। থম্পসনের বক্তব্যের জবাবে ইকবাল কায়েদে আজমের ১৪ দফার আলোকে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন।
১৯৩৪ সালে ইকবাল স্পষ্ট করে বলেন, এলাহাবাদ ভাষণে তার প্রস্তাব চৌধুরী রহমত আলীর পাকিস্তান পরিকল্পনা থেকে আলাদা ছিল। মুসলিম লীগের সভাপতি হিসেবে তিনি দলীয় নীতির আলোকে ভাষণটি দিয়েছিলেন। ব্যক্তিগতভাবে তিনি ভারতীয় ফেডারেশনের মধ্যে থেকে যেতে চাননি। রাজনৈতিক কৌশল অনুসরণ করে তিনি ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগোচ্ছিলেন।
প্রকৃতপক্ষে, ইকবালের পরামর্শেই চৌধুরী রহমত আলী ১৯৩৩ সালে পাকিস্তান পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।
১৯৩১ সালে লন্ডনে এক বৈঠকে রহমত আলী ইকবালকে প্রশ্ন করেছিলেন, এলাহাবাদ ভাষণে যে পরিকল্পনার কথা বলা হয়েছে, সে অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তার নাম কী হতে পারে?
ইকবাল উত্তর দিয়েছিলেন, উত্তর-পশ্চিম ভারতের প্রতিটি প্রদেশের নামের প্রথম অক্ষর নিয়ে এবং বেলুচিস্তানের ‘তান’ অংশটি যুক্ত করলে ‘পাকিস্তান’ নামটি পাওয়া যায়। শব্দটি অত্যন্ত অর্থবহ ও সুন্দর।
ইকবালের নিজস্ব বর্ণনার সূত্র ধরে ড. ইরশাদ শাকির আওয়ান তার ‘ইকবাল কা তাসাওউর-এ-মিল্লাত অউর আজাদি-এ-হিন্দ’ (ইকবালের জাতিসত্তার ধারণা ও ভারতের স্বাধীনতা) বইয়ে ঘটনাটি তুলে ধরেছেন। বইটি প্রকাশ করেছে ইকবাল একাডেমি, লাহোর। এ ঘটনার সূত্র হিসেবে তিনি আবদুল ওয়াহিদ খানের বক্তব্য উল্লেখ করেছেন। ১৯৩৫ সালে ভূপালে ইকবাল নিজেই তাকে এই কথোপকথনের বিবরণ দিয়েছিলেন।
দারুল উলুম নদওয়াতুল উলামার সাবেক প্রধান মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী (আলী মিয়াঁ) তার ‘নুকুশ-ই-ইকবাল’ বইয়ে লিখেছেন, ১৯৩৭ সালের ২২ নভেম্বর লাহোরে ইকবালের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেছিলেন, ‘মুসলমানদের সমস্যার একমাত্র সমাধান হলো পাকিস্তান।’
পৃথক মুসলিম রাষ্ট্র সম্পর্কে ইকবালের ধারণা স্পষ্ট করতে কায়েদে আজম নিজেই পাকিস্তান প্রতিষ্ঠার আগে ১৯৩৬ থেকে ১৯৩৭ সালের মধ্যে ইকবালের লেখা চিঠিগুলো প্রকাশ করেছিলেন।
১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে গৃহীত প্রস্তাবে ‘পাকিস্তান’ শব্দটি ছিল না। কিন্তু পৃথক রাষ্ট্র সম্পর্কে ইকবালের স্বপ্ন এবং তার মুখে পাকিস্তান শব্দটি বারবার উচ্চারিত হয়েছে। এর পক্ষে অসংখ্য ঐতিহাসিক প্রমাণ রয়েছে। এসব প্রমাণ মুছে ফেলা সহজ নয়।
আজ ভারতে বিজেপি মসজিদ ভেঙে এবং এলাহাবাদের নাম পরিবর্তন করে ইকবালের আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে।
কিন্তু পাকিস্তানেও শুধু ৯ নভেম্বর ছুটি ঘোষণা করে ইকবালের প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব নয়। এলাহাবাদ ভাষণের আলোকে পাকিস্তান রাষ্ট্রকে রাজতন্ত্র, স্বৈরাচার, সাম্রাজ্যবাদী শক্তির প্রতি আনুগত্য এবং উগ্রবাদ থেকে বের করে আনতে হবে।
হামিদ মীর: পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক ও কলাম লেখক। তিনি জিও নিউজের সঙ্গে যুক্ত।