
ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স ফাইল ফটো
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের উত্তরসূরি হিসেবে কোনো প্রার্থীকে সমর্থন না-ও দিতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে তার বাইরে থাকাই ভালো হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
দেশটির স্থানীয় সময় রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে পরের প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের রিপাবলিকান প্রার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন।
ট্রাম্প বলেন, “সম্ভবত আমি কাউকে সমর্থন করব না।। তবে এটা নিশ্চিত নয়।” পরে তিনি বলেন, ‘হয়তো এ বিষয়ে জড়িত না থাকাই আমার জন্য ভালো হবে।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়া আর কাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন ট্রাম্প।
তিনি বলেন, “আমার মনে হয় মার্কো দারুণ। তিনি অবশ্যই এ দায়িত্ব পছন্দ করেন এবং ভালো করছেন। তিনি অসাধারণ কাজ করছেন। (প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে) যাদের কথা ভাবা হচ্ছে, তাদের মধ্যে তিনি একজন। তবে আরও অনেকে আছেন, যাদের নাম আমি উল্লেখ করতে চাই না। কয়েকজন সেনেটরও আছেন, যারা চমৎকার। তাদের সবাইকে আমি চিনি, অনেক পছন্দ করি।”
তবে রিপাবলিকান পার্টির ভেতরে নিজের সমর্থনের এখনো উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে মনে করেন ট্রাম্প।
তিনি বলেন, “আমার মনে হয়, আমি যদি কাউকে সমর্থন দিই, তাহলে তা বড় ভূমিকা রাখবে। কারণ, আমার সমর্থনের প্রভাব বরাবরই অনেক বেশি।”
সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেতে হয়েছে রিপাবলিকান পার্টিকে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস—দুটোতেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি।
এ নির্বাচনে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) প্রচারণা কৌশলও কাজে আসেনি। তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, এ কৌশলেই রিপাবলিকান রাজনীতি টিকে থাকতে পারে।
ট্রাম্প বলেন, “আমার মনে হয়, তা সম্ভব। কারণ, মাগা মূলত সাধারণ বোধের বিষয়।”
তিনি আরও বলেন, “মাগা মানে শক্তিশালী সীমান্ত ও শক্তিশালী সামরিক বাহিনী। আমরা এমন পর্যায়ে সম্পদ সৃষ্টি করেছি, যা আগে কখনো আমাদের দেশ দেখেনি।”
মধ্যবর্তী নির্বাচনে ধসের পেছনে ইরান যুদ্ধের চেয়েও ‘ভুল বার্তা’কে প্রধান কারণ হিসেবে মনে করেন ট্রাম্প।
তিনি বলেন, “আমার মনে হয় ভুল বার্তা দেওয়াই কারণ। হতে পারে সেটা আমার মাধ্যমেই। এ নিয়ে আমি সারাদিন কথা বলতে পারব। আমরা সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি।”
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক প্রতিযোগিতা মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এআই নিরাপত্তার বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে ‘অবশ্যই’ আগ্রহী বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, “নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধে আমার আপত্তি নেই, কিন্তু আমি চাই না আমরা অনেক পিছিয়ে দ্বিতীয় অবস্থানে চলে যাই।”
এআই প্রযুক্তির ঝুঁকি ‘নিয়ন্ত্রণ করা সম্ভব’ বলে মনে করেন ট্রাম্প। তার মতে, এ খাত নিয়ে যতটা উদ্বেগ প্রকাশ করা হয়, বাস্তব ঝুঁকি ‘ততটা নয়’।
পালাবদল/এসএস