সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
 
জাতীয়
প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন





নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
12:04 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

আজ সোমবার দুপুর সাড়ে ৩টায় অধিবেশন শুরু হবে। সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে।

তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে গতকাল আয়োজিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুসারে, অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে।

তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগে তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

অধ্যাদেশগুলো অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

এছাড়া, অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য তিন হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট তিন হাজার ৭৫১টি প্রশ্ন এসেছে। পাশাপাশি বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে বৈঠকে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদের বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। ফলে চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

পালাবদল/এসএ

 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]