শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
 
জাতীয়
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, চার সদস্যের তদন্ত কমিটি





নিজস্ব প্রতিবেদক
Friday, 30 October, 2026
4:51 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

তদন্ত কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করতে বলা হয়েছে। এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তাও নিরূপণ করবে কমিটি।

এ ছাড়া সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণ করতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে তদন্ত কমিটি।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপান সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থেকে পুশব্যাকের পর ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে লাল সংকেত বা সতর্কবার্তা দেখা যায়। নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়ন স্থগিত করেন। পরে বিমানের প্রকৌশল দল এবং জাপানের টেকনিশিয়ানরা ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেন।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে মেরামতকাজ চলার পর উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী হয়। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। এর ১২ মিনিট পর, রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিজি-৩৭৭। নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ফ্লাইটটি যাত্রা শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ জানিয়েছেন, এ ধরনের কারিগরি ত্রুটির ঘটনা ঘটলে বিমান অভ্যন্তরীণভাবে তদন্ত কমিটি গঠন করে। ঘটনার বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেই নিয়ম অনুসারেই এবার তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]