
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগেই সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাঊদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে গত ২২ অক্টোবর জানা যায়, এ সফরের আগেই রাষ্ট্রদূত মো. দাঊদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি এ সফরকালে টোকিও থাকছেন না।
আজ শনিবার দুপুরে রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, “এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর কখন কোন অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাবে সেটা মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত।”
‘জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন ও বাণিজ্যে শীর্ষ অংশীদার’ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে জাপান-বাংলাদেশের সম্পর্ক আছে এবং বর্তমানে আরও গভীর হয়েছে। বিএনপি সরকারের সময় দুই দেশের সম্পর্ক আরও উন্নত অবস্থায় থাকে।”
প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে শামা ওবায়েদ বলেন, “এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন খাতে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা, স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে।”
জাপানের সঙ্গে এবার বাংলাদেশের যোগাযোগ আরও বাড়বে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা একসঙ্গে কাজ করব। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগ তৈরিতে একটা ক্ষেত্র সৃষ্টি করবে বলে আমরা মনে করি।”
“প্রধানমন্ত্রীর উদ্যোগে একটি নতুন আইন হয়েছে বাংলাদেশ ইনভেস্ট। এই সংস্থার মাধ্যমে আরও নতুন জাপানি বিনিয়োগ বাংলাদেশে আসবে। সেই প্রচেষ্টা এবার থাকবে,” বলেন তিনি।
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ ৩১ উপলক্ষে ‘ন্যাশনাল পজিশন পেপার আনভেইলিং অ্যান্ড ডায়লগ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশন এইড।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জাপান সফর চলাকালে রাষ্ট্রদূত দাঊদ আলীকে টোকিও থেকে দূরে রাখার সিদ্ধান্তের মধ্যেই এ সফরের কূটনৈতিক বিষয়াবলী তদারকি ও সার্বিক আয়োজন সমন্বয়ের বিশেষ দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নজরুল ইসলাম ইতিমধ্যে জাপানে পৌঁছে গেছেন। পুরো সফরের সময় তিনি টোকিওতে অবস্থান করবেন এবং দ্বিপাক্ষিক সমন্বয় ও কূটনৈতিক কাজে প্রধান ভূমিকা পালন করবেন।
পালাবদল/এসএ