শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
 
বিনোদন
সংগীতশিল্পী আসিফ আকবরে গাড়িতে গুলি





নিজস্ব প্রতিবেদক
Saturday, 24 October, 2026
5:30 PM
Update: 24.10.2026
5:36:10 PM
 @palabadalnet

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত এই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত এই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মগবাজারে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

ওসি আসাদুজ্জামান  বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কে এই গুলি চালিয়েছে, উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন ওসি আসাদুজ্জামান।

ঘটনার বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের স্থানে গাড়িটি পার্ক করা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তার নিজ অফিসে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটা গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার ওসি বলেন, জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হাতিরঝিল থানা-পুলিশ।

আসিফ আকবরের স্ত্রী যা বললেন

শনিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঘটনার বর্ণনা দেন আসিফ আকবরের স্ত্রী  সালমা আসিফ মিতু। তিনি বলেন, “আসিফ আমাকে এটুকু বলেছে, কে বাবা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে এসেছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।”

আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তার স্ত্রী বলেন, “আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি।”

জামায়াতের নিন্দা

আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]