
সংগৃহীত ছবি
সুখবর দিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেত্রী।
সাদা রঙের একটি লম্বা, ঢিলেঢালা গাউনে দেখা গিয়েছে মাহিরাকে। এক হাত দিয়ে নিজের বেবি বাম্প আগলে রেখেছেন তিনি। ছবিতে অবশ্য তার মুখে ছিল প্রশান্তি ও আনন্দের ছাপ। বিশেষ কোনও সাজসজ্জা বা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং ছিমছাম ভাবেই সুখবর দিলেন অভিনেত্রী। ছবির সঙ্গে মাহিরা ক্যাপশনে লেখেন, “আমরা পরিকল্পনা করি, আল্লাহ চান বলেই সব হয়।” অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া।
২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। অন্তঃসত্ত্বা হওয়ার খবরের মাধ্যমে প্রায় তিন বছর পর তাঁদের সংসারে নতুন অতিথি আসার খবর জানালেন এই দম্পতি। সন্তানটি সেলিম করিম ও মাহিরার প্রথম সন্তান। তবে মাহিরার এটি দ্বিতীয় সন্তান।
প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে মাহিরার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে। মায়ের দ্বিতীয় বিয়ের সময়ও আজলানকে পাশে দেখা গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানে মায়ের হাত ধরে তাকে বিয়ের মঞ্চে নিয়ে যান আজলান। মাহিরার নতুন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে ছেলের এ উপস্থিতি তখনো ভক্তদের নজর কেড়েছিল।
মাহিরা খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করে দ্রুতই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘হামসফর’ নাটকে অভিনয় করে পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পান মাহিরা। এরপর ‘শেহর-ই-জাত’, ‘সাদকায়ে তুমহারে’সহ বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করেন তিনি।
২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। ভারতের সিনেমায় এটিই ছিল তার প্রথম কাজ। এরপর পাকিস্তানি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিন রয়’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।
পালাবদল/এমএ