
ইন্ডিয়ান এক্সপ্রেস
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই পুলিশের ধরপাকড় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির আগে একাধিক ব্যক্তিকে আটক করার অভিযোগ সামনে আসতেই সরব হয়েছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডলে একটি কার্টুন শেয়ার করে পুলিশের ভূমিকার সমালোচনা করেন প্রকাশ রাজ। সতীশ আচার্যের আঁকা ওই কার্টুনের সঙ্গে তিনি লেখেন, “নাগরিকদের অসন্তোষ থেকে আপনারা আর কতদিন পালিয়ে বেড়াবেন? #justasking।” তার এই বক্তব্যে স্পষ্ট, প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে নাগরিকদের প্রতিবাদ থামানোর চেষ্টা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।
এর পর একটি ভিডিও বার্তাতেও ক্ষোভ উগরে দেন অভিনেতা। বিমান থেকে অভিজিৎ, সৌরভ ও আশুতোষকে আটক করার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, “এসব কী কাণ্ড? বিমান ও বাড়ি থেকে তরুণদের আটক করা হচ্ছে? এমনকি তাদের বিক্ষোভস্থলে পৌঁছতেও দেওয়া হচ্ছে না?”
পালাবদল/এসএ