রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
 
বিনোদন
তুর্কি হরর সিনেমা ‘সয়’ বাংলাদেশে





নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
12:52 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টিভি সিরিজের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয় হয়ে উঠছে তুর্কি সিনেমাও। নিজস্ব ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি আধুনিক নির্মাণশৈলী ও শক্তিশালী গল্প বলার কৌশল তুর্কি সিনেমাকে আলাদা পরিচিতি দিয়েছে। সেই ধারাবাহিকতায় আসছে আরেকটি হরর সিনেমা।

‘সয়’ নামের সেই সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য আনছে স্টার সিনেপ্লেক্স। গতকাল শুক্রবার সিনেমাটি মুক্তি দিয়েছে তারা।

অতিপ্রাকৃত হরর সিনেমা ‘সয়’ পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি ও একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। গল্পের শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিশরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনার মধ্য দিয়ে।

সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই এক ভয়ংকর অভিশাপ ডেকে আনেন। এই অভিশাপের কারণে মুরাত তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দি জীবন কাটাতে বাধ্য হন।

বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। গল্পের কেন্দ্রীয় চরিত্র ক্যান। সে তার প্রেমিকা বাসাক এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ইস্তাম্বুলে পরিবারের পুরোনো রহস্যময় প্রাসাদে যায়। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়।

এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস। প্রাসাদের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন মিসরের এক ভয়ংকর অভিশাপ। একটি অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে সেই অশুভ শক্তি আবার জেগে ওঠে। বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং একের পর এক অতিপ্রাকৃত আক্রমণের মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। শেষ পর্যন্ত বাসাককে এমন এক সিদ্ধান্ত নিতে হয়, যা পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

সিনেমাটির আকর্ষণের জায়গাগুলো হলো মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস, মনস্তাত্ত্বিক ভয়। প্রাচীন মিসরের রহস্যময় অভিশাপকে আধুনিক তুর্কি গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]