
ফাইল ছবি
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের গহনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন এক ভরি ২২ ক্যারেটের গহনা কিনতে খরচ হবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ২ হাজার ১০০ টাকা কমে বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম এক হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম।
পালাবদল/এসএ