রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
 
পরিবেশ
এল নিনোর প্রভাব মোকাবিলায় দেরি করলে খরচ হবে দ্বিগুণ





পালাবদল ডেস্ক
Saturday, 14 November, 2026
12:49 PM
 @palabadalnet

আলেকজান্ডার ডি ক্রু। ছবি: সংগৃহীত

আলেকজান্ডার ডি ক্রু। ছবি: সংগৃহীত

এল নিনোর ভয়াবহ প্রভাব মোকাবিলায় এখনই ব্যবস্থা নিলে অপেক্ষা করার তুলনায় অর্ধেক খরচ হবে বলে জানিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আলেকজান্ডার ডি ক্রু। গতকাল শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ১০ নভেম্বর ইউএনডিপির নতুন গবেষণায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগাম বিনিয়োগের আর্থিক গুরুত্ব তুলে ধরা হয়েছে।

গতকাল তুরস্কের পর্যটন শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ওই গবেষণার বরাতে ডি ক্রু বলেন, ‘এল নিনোর প্রভাব মোকাবিলায় এখনই উদ্যোগ নিলে ৩৬ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। কিন্তু যদি অবিলম্বে উদ্যোগ না নেওয়া হয়, তাহলে খরচ বেড়ে ৭৩ বিলিয়ন ডলার হবে। অর্থাৎ খরচ দ্বিগুণ হবে।’

তিনি বলেন, “সিদ্ধান্তটা আসলে আমাদেরই নিতে হবে। আমরা কি আগাম প্রস্তুতি নিয়ে মানুষকে সহায়তা করব, নাকি কালক্ষেপণ করে এই বাড়তি খরচের বোঝা নিজেদের ঘাড়ে নেবো?’

এল নিনো একটি জলবায়ুগত প্রাকৃতিক ঘটনা, যা প্রতি দুই থেকে সাত বছর পরপর ঘটে। বসন্তকাল থেকে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রভাবে পরবর্তী কয়েক মাসে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে।

সর্বশেষ এল নিনো চক্রটি অতিমাত্রায় শক্তিশালী হয়ে উঠেছে। যার প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে পরিবর্তন দেখা যাচ্ছে।

এল নিনোর চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থায়ন কীভাবে হবে, সে বিষয়ে চলমান কপ-৩১ সম্মেলনে ব্যাপক তর্ক-বিতর্ক হয়েছে।

সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলো যাতে এল নিনোর প্রভাব কমাতে পারে, তা নিশ্চিত করতে অর্থায়নের জন্য সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বড় সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ডি ক্রু।

তার মতে, এ ধরনের বিনিয়োগ মানুষের জীবন বাঁচাবে, ফসল ও অবকাঠামো সুরক্ষিত রাখবে এবং দীর্ঘমেয়াদে অর্থও সাশ্রয় করবে।

খাদ্যের দাম বাড়লে দারিদ্র্যের ঝুঁকি বাড়বে

ইউএনডিপির গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে এল নিনোর প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যের দাম ৫ শতাংশ বাড়লে এবং নতুন কোনো নীতিগত উদ্যোগ না নেওয়া হলে অতিরিক্ত ৩ কোটি ৭০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে।

উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোর জন্য নির্ধারিত দারিদ্র্যসীমা অনুযায়ী এ হিসাব করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, এল নিনোর কারণে খরা, বন্যা ও অতিরিক্ত তাপমাত্রা খাদ্য উৎপাদন ব্যাহত করতে পারে। এতে খাদ্যের দাম বাড়ার পাশাপাশি মানুষের জীবিকা ও আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আগাম বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে ইউএনডিপি জানিয়েছে, দুর্যোগের পর সহায়তা দিতে যে অর্থ ব্যয় হয়, আগাম সহায়তার মাধ্যমে একই মাত্রার সুরক্ষা নিশ্চিত করতে তার ৫০ থেকে ৮০ শতাংশ খরচ হতে পারে। অর্থাৎ দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া কম ব্যয়বহুল।

ইউএনডিপি ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) যৌথ মডেলিংয়ে দেখা গেছে, বর্তমান নীতির তুলনায় আরও উচ্চাভিলাষী জলবায়ু নীতি নেওয়া হলে ২০৫০ সালে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ শতাংশ বেশি হতে পারে। জলবায়ুজনিত ক্ষতি এড়ানোর সুফল হিসাব করলে এর আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৬ ট্রিলিয়ন ডলার।

অন্যদিকে, জলবায়ু নীতির পাশাপাশি লক্ষ্যভিত্তিক উন্নয়ন নীতি ও বিনিয়োগ নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে অতিরিক্ত ১৭ কোটি ৫০ লাখ মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]