
সংগৃহীত ছবি
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এছাড়া, শ্রমিকরা কাজ না করায় আজও ৫-৬টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া শিল্পপুলিশ- ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও ৫-৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।”
শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ বলতে বোঝায় 'নো ওয়ার্ক নো পে' নীতি। এই ধারায় বন্ধ যত দিন বন্ধ থাকবে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, “এভাবে কারখানা বন্ধ রাখলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে।”
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করে ফের বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার সকালে রাস্তা অবরোধের পর বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত গাড়ি আটকে পড়ে হাজারো যাত্রী ভোগান্তির শিকার হচ্ছে। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ কারখানার সামনে জড়ো হতে শুরু করেন। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। তাদের মাসিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে তারা রাস্তা অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটে শত শত যানবাহনে হাজারো যাত্রী ভোগান্তির শিকার হন। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থানীয় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। এর মধ্যে ইন্টারস্টফ, ইকোটেক্স, অ্যাপেক্স ফুটওয়্যার ও সদমাসহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানান, শ্রমিকেরা শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
কালিয়াকৈর থানার পুলিশে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন, অন্যদিকে আমরাও চেষ্টা করছি রাস্তা অবরোধমুক্ত করতে।
পালাবদল/এসএ