রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
 
বিদেশ
চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং





পালাবদল ডেস্ক
Saturday, 14 November, 2026
12:54 PM
Update: 14.11.2026
12:57:54 PM
 @palabadalnet

ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। সংগৃহীত ছবি

ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। সংগৃহীত ছবি

আগামী সপ্তাহে চীনে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।”

ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই বৈঠকে ইরান প্রসঙ্গেও আলোচনায় হতে পারে। তবে ইউক্রেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বার্তাসংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনা থেকে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনজেনে পৌঁছাবেন। 

বৃহস্পতিবার তিনি শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় আলোচনাতেও অংশ নেবেন। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব নেয়ার পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

ওয়েলস বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার চীন সফর শেষ করবেন।”

তিনি আরো বলেন, এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আসিয়ান (আসোশিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলনেও ট্রাম্প অংশ দেবেন। এই সফর ‘মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেবে’।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারগুলো কোনো বড় ধরনের বিধিনিষেধের বাইরে চলে গেছে এবং স্নায়ুযুদ্ধের অবসান ঘটাতে সহায়ক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার কার্যত সমাপ্তি ঘটেছে।

জাতিসঙ্ঘ কোনো বিলম্ব না করে উভয় পক্ষকে একটি নতুন কাঠামোর বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি চীনকে অন্তর্ভুক্ত করে আরো ভালো একটি চুক্তির মাধ্যমে আগের চুক্তিটি প্রতিস্থাপন করতে পারেন-যে চীন ইতোমধ্যেই তাদের পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে।

এদিকে সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং বিশ্লেষকরা জানান, বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়ার চেষ্টা বড় ধরনের বাধার মুখে পড়তে পারে এবং এতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

চলতি বছরের শুরুর দিকে মাত্র কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্প-উভয়কেই আলাদাভাবে স্বাগত জানান শি জিনপিং। অন্যদিকে, গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা সমকক্ষকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শি জিনপিং ‘দ্বিপক্ষীয়’ আলোচনায় অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে এখনো কিছু জানায়নি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শীর্ষ সম্মেলনে এ ধরনের আলোচনার বিষয়ে ‘প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে’।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]