মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
 
বিদেশ
এনভিডিয়ার সিইও'র সাথে কথিত চীনা গুপ্তচরের সম্পর্ক তদন্ত করছে এফবিআই, জানালেন ট্রাম্প





Tuesday, 10 November, 2026
4:28 PM
 @palabadalnet

এক অনুষ্ঠানে তোলা ছবিতে জেনসেন হুয়াং (বামে) এবং অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত।ছবি: এএফপি

এক অনুষ্ঠানে তোলা ছবিতে জেনসেন হুয়াং (বামে) এবং অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত।ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কথিত চীনা গুপ্তচরের মধ্যকার সম্পর্কের বিষয়টি তদন্ত করছে এফবিআই। সোমবার জেনসেন হুয়াংয়ের সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে আপনার কোনো ধারণা ছিল । তিনি বললেন, আমার জানা ছিল না যে সে গুপ্তচর, আর আমি সত্যিই তাকে বিশ্বাস করি।”

হুয়াংকে লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে হেয় ও অপদস্থ করার উদ্দেশ্যেই করা হয়েছে’।

পরে হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “আমি জানি, এফবিআই বিষয়টি খতিয়ে দেখছে।”

তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি তদন্ত কবে শুরু হয়েছে, তা-ও নিশ্চিত করেননি।

ট্রাম্প আরও বলেন, তার ধারণা হুয়াং একজন ‘সম্মানিত ব্যক্তি’ এবং তদন্তের পরও তিনি ‘ভালো অবস্থানে থাকবেন’ বলে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।

বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় এফবিআই।

এদিকে কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংকে ঘিরে এই ঘটনার বিষয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়া।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ব্যবসায়িক গোপন তথ্য কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে-এমনটা বিশ্বাস করার কোনো কারণ তাদের কাছে নেই।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করতেন, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]