মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রামে নিষিদ্ধ লীগের ধর্মঘট ঘিরে মাঠে বিএনপি-জামায়াত





Tuesday, 10 November, 2026
11:57 AM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে রাতভর পাহারা ও বিক্ষোভ মিছিলের পর সকাল থেকেই ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। গতকাল সোমবার গভীর রাত থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাত জেগে পাহারা দেন ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে শিবির। নগরের জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট, দেওয়ানহাটসহ বেশ কিছু এলাকায় রাত ১টা থেকে ৪টা পর্যন্ত লাঠি হাতে ছাত্রলীগ প্রতিরোধে মহড়া দিতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠনকে। এমনকি নগরে ঘুরে ঘুরে মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে মঙ্গলবার সকাল ১০টায় নগরের বহদ্দারহাট মোড়ে ঝটিকা মিছিল ও মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব বিভাগ। সকাল থেকেই বহদ্দারহাটে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে শুরু করেছেন। একই সঙ্গে ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া জেলার ১৫টি উপজেলায়ও নেতাকর্মীরা একযোগে মাঠে নেমেছেন।

ছাত্রলীগের জ্বালাও-পোড়াও ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানানো হয়েছে, নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলের ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ।

এর আগে গত রোববার মধ্যরাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া নগরের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে নগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গতকাল রাত থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমাদের টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]