মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান





চট্টগ্রাম ব্যুরো
Tuesday, 14 July, 2026
3:57 PM
 @palabadalnet

আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ তিন দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী পানি ও দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি সারা দেশে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা। দাবি মানা না হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে বলেও কর্মসূচিতে জানান শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, “আমাদের দাবিগুলো সুনির্দিষ্ট। আমরা শুধু এক বোর্ড নয়, সব বোর্ডের পরীক্ষা স্থগিত চাই। পরীক্ষার প্রশ্নে ভুলের সঙ্গে যাঁরা জড়িত, তাদের শাস্তি চাই। বন্যার পানিতে অনেকের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র নষ্ট হয়েছে। সেগুলো দ্রুত নতুন করে দিতে হবে।”

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, শিক্ষা বোর্ডের সামনে দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করছেন। বোর্ডের সামনে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় তাদের। এ সময় সিডিএ অ্যাভিনিউ সড়কের ২ নম্বর গেট থেকে বহদ্দারহাটমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া একটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের কয়েকজন শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশ করেন। তাদের দাবিগুলো পূরণের বিষয়ে আশ্বাস দেন বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক। তিনি সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আন্তবোর্ড কমিটি সিদ্ধান্ত নেবে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবেশপত্রের বিষয়ে বোর্ডে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]