ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ক্ষমতার মোহে শেখ হাসিনা এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতা চালিয়ে যাচ্ছেন।
রিজভী অভিযোগ করেন, সম্প্রতি ভারতের সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। ভারত সরকার আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের কথা বললেও দেশটির সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তাদের পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করার সুযোগ নেই।
আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু দেশ ছেড়ে পালানোর পরও তাঁর হিংসাত্মক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনো সেই পথেই চলছেন।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা অভিযোগ করেন, সাধারণ মানুষের গাড়ি, পোশাক কারখানা ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা কোটি কোটি টাকা থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে অর্থ পাঠানো হচ্ছে। সেই অর্থ দিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের মাধ্যমে সহিংসতা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং সম্পূর্ণ আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসব তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার মূল পার্থক্য।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের কথা বললেও সম্প্রতি দেশটির সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে পালিয়ে যাওয়া নেতাদের বৈঠক কীভাবে হলো? সে দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা পলাতকদের সঙ্গে বৈঠক করতে পারেন না। এ ঘটনা গভীর চক্রান্তের ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, শিশু, কিশোর ও শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালানো স্বৈরাচারের ঠাঁই বাংলাদেশের মাটিতে আর হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ধরনের চক্রান্ত নস্যাৎ করে দেবে।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।
পালাবদল/এসএ