
ছবি: সংগৃহীত
শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি কারখানা এখনো বন্ধ। অন্যদিকে, গাজীপুরে নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি কারখানা।
শিল্প পুলিশের দাবি, আজ সোমবার সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজ করছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিবেশ গতকালের মতোই স্বাভাবিক রয়েছে। বন্ধ কারখানার সংখ্যাও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি সন্তোষজনক। এ অবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।
তিনি আরও জানান, সাভার-আশুলিয়ায় এখনো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি এবং সাধারণ ছুটির আওতায় রয়েছে চারটি কারখানা। এসব কারখানা চালুর বিষয়ে আলোচনা চলছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি অন্য দিনের তুলনায় আজ অনেক ভালো। ১৩(১) ধারায় বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে। আবার নতুন করে কিছু কারখানা একই ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরাও অনেকটা শান্ত হয়েছেন।
মজুরি বোর্ডের সোমবারের সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে সভা স্থগিত করা ঠিক হয়নি।
অন্যদিকে, গাজীপুর জেলা ও মহানগর এলাকায় ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকা ঘুরে দেখা যায়, অন্তত পাঁচটি কারখানার সামনে বন্ধের কোনো সাইনবোর্ড নেই। তবে স্থানীয় লোকজন জানান, কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত রাবার ফ্যাশন কারখানাটিও বন্ধ রয়েছে বলে জানান কারখানার সামনের একটি চায়ের দোকানের মালিক আবুল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবুল হোসেন বলেন, “একসময় আশপাশের এলাকা সরগরম থাকত। এখন তো শ্রমিকই দেখা যায় না।”
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গত সপ্তাহজুড়েই শ্রমিকদের আন্দোলন চলছে। মজুরি বৃদ্ধির দাবিসহ বিভিন্ন কারণে এসব এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে মজুরি বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পালাবদল/এসএ