
টিআই তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন। ছবি: সংগৃহীত
অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদক ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে আজ বুধবার দুপুরে ফরিদপুরের সাবেক টিআই তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা দায়ের করেন।
তাদের বিরুদ্ধে অবৈধভাবে ৬ কোটি ১০ লাখ ৩ হাজার ২৬৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
দুদক সূত্র জানিয়েছে, মামলা দুটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশ জানান, তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ছয় হাজার ২৬২ টাকা ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
এজাহার অনুসারে, অবৈধ সম্পদের তথ্য লুকাতে এই দম্পতি ভুয়া ব্যক্তিগত ঋণের নথি তৈরি করেছেন। তুহিন লস্কর দেখিয়েছেন, তার ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকার ব্যক্তিগত ঋণ আছে।
তবে দুদকের অনুসন্ধানে তাদের নামে কোনো ব্যক্তিগত ঋণের অস্তিত্ব পাওয়া যায়নি।
সংস্থাটি জানিয়েছে, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। এরপর দুই মেয়াদে প্রায় ৯ বছর তিনি ফরিদপুরে চাকরি করেন। এছাড়া তিনি ঢাকা মহানগর, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।
দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন প্রাথমিক অনুসন্ধান করে পেয়েছেন, ফরিদপুরে টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে তুহিন ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
তার স্ত্রী জামিলা পারভীনের নামে থাকা সম্পদের সঙ্গে তাদের বিবরণীর ব্যাপক গরমিল পাওয়া গেছে।
তুহিনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামে।
সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি রংপুরে কর্মরত। তবে তার স্ত্রী ফরিদপুর সদর উপজেলার হাবেলী গোপালপুর এলাকায় বসবাস করেন।
এ ব্যাপারে জানতে তুহিন লস্করের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পালাবদল/এসএ