বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
 
চট্টগ্রাম সিটি
নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রাম আরআরএফ এসপির বিরুদ্ধে, ফোন জব্দ





চট্টগ্রাম ব্যুরো
Wednesday, 11 November, 2026
11:24 PM
 @palabadalnet

 চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ উঠেছে চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আজ বুধবার চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, “প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”

তিনি বলেন, “গতকাল জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে আর কিছু বলা সমীচীন হবে না।”

অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, “গতকাল জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। তবে এটিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তার জব্দ করা দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।”

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্র জানায়, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীরের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ব্যক্তিগত ও দাপ্তরিক ফোন পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “জাহাংগীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি সূত্র পাওয়ার পর তাকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অফিস করছেন। তবে তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।”

জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]