সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
 
সারাবাংলা
টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ





পিরোজপুর প্রতিনিধি
Monday, 16 November, 2026
12:09 AM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে পিরোজপুর জেলা বিএনপি। দলটির অভিযোগ, হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা চালিয়ে লুটপাট করেছে।

রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল নিয়ে এসে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে হামলা চালান। এতে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তাঁর কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।

এ ব্যাপারে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। রোববার বিকেলে টুঙ্গিপাড়া থেকে কয়েকশ আওয়ামী লীগের সন্ত্রাসী এসে নাজিরপুরে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে।

তিনি এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সোমবার বিকেলে নাজিরপুরের সাচিয়া বাজারে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজনের ঘোষণা দেন।

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]