রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
 
লাইফস্টাইল
ফোন বা টিভি দেখতে দেখতে খেলে বাড়ে ওজন





পালাবদল ডেস্ক
Saturday, 14 November, 2026
5:12 PM
 @palabadalnet

খাওয়ার সময় টেলিভিশন চালিয়ে রাখা অনেকেরই অভ্যাস। কেউ পছন্দের সিরিয়াল দেখতে দেখতে দুপুরের খাবার খান, কেউ আবার সিনেমা বা ওয়েব সিরিজ চালিয়ে রাতের খাবার সারেন। অনেকের কাছে খাওয়ার সময় বিনোদন না থাকলে যেন ঠিক জমে না। কিন্তু জানেন কি, এই অভ্যাসই অজান্তে আপনার খাওয়াদাওয়ার ধরন বদলে দিতে পারে? প্রভাব পড়তে পারে হজমের উপরেও।

খাওয়ার সময় আমাদের মনোযোগ যদি টেলিভিশনের পর্দায় থাকে, তাহলে কী খাচ্ছি, কতটা খাচ্ছি, কতটা চিবিয়ে খাচ্ছি, সে দিকে নজর কমে যায়। ফলে প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলার আশঙ্কা থাকে। বিশেষ করে চিপস, চানাচুর, বিস্কুট বা ভাজাভুজির মতো খাবার খাওয়ার সময় এই প্রবণতা আরও বাড়তে পারে। কখন পেট ভরে গিয়েছে, তা বুঝতে দেরি হয়। ফলে অতিরিক্ত ক্যালোরি শরীরে প্রবেশ করে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, টেলিভিশন দেখতে দেখতে খাবার খেলে খাবারের পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। ২৩টি গবেষণার বিশ্লেষণে দেখা যায়, টিভি দেখার সময় খাওয়ার প্রভাব শুধু সেই মুহূর্তের খাবারেই সীমাবদ্ধ নয়। পরবর্তী বেলার খাবার খাওয়ার পরিমাণের উপরেও এর প্রভাব পড়তে পারে।

হজমের সমস্যাও বাড়তে পারে?

খাবার খাওয়ার সময় মনোযোগ অন্যদিকে থাকলে অনেকেই তাড়াহুড়ো করে খাবার খান। ঠিকমতো চিবিয়ে না খাওয়ার ফলে হজমে অস্বস্তি হতে পারে। অতিরিক্ত খাওয়ার কারণে পেট ভার, অম্বল, গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে যাঁদের আগে থেকেই হজমের সমস্যা রয়েছে, তাঁদের এই অভ্যাস এড়িয়ে চলা ভাল।

কীভাবে বদলাবেন এই অভ্যাস?

১. খাবার খাওয়ার সময় টিভি, মোবাইল বন্ধ রাখুন।
২. খাবার ধীরে ধীরে খান। ভাল করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন।
৩. একবারে বেশি খাবার না নিয়ে প্রয়োজন অনুযায়ী পরিমাণ ঠিক করুন।
৪. খাওয়ার সময় খাবারের স্বাদ, গন্ধ ও গঠনের দিকে মনোযোগ দিন।
৫. খাওয়ার পর দীর্ঘক্ষণ বসে না থেকে শরীরের সামর্থ্য অনুযায়ী ১০-১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি করতে পারেন।

মনে রাখবেন, সুস্থ থাকার জন্য শুধু কী খাচ্ছেন, সেটাই গুরুত্বপূর্ণ নয়। কীভাবে খাচ্ছেন, সেটাও সমান জরুরি। তাই প্রতিদিনের খাবারের সময়টুকু নিজের শরীরের জন্য বরাদ্দ রাখুন। ছোট্ট এই অভ্যাস পরিবর্তনই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে।নান।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]