
সংগৃহীত ছবি
মেয়েটির বয়স তখনও পুরো ছ’মাস হয়নি।
গত ৭ এপ্রিল রাতে যখন সে আর তার দাদা পাশাপাশি গভীর ঘুমে, ঠিক তখনই তাদের বাড়ির ওপর এসে পড়ে একটা দেশি গ্রেনেড। কেঁপে ওঠে মনিপুরের বিষ্ণুপুর জেলার ত্রংলাওবি এলাকার বাড়িটা। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে মেয়েটি আর তার পাঁচ বছর বয়সি দাদা। মারাত্মক জখম হন তাদের মা, পেশায় যিনি নার্স।
বাচ্চা দু’টির বাবা বিএসএফ-এর জওয়ান। বিস্ফোরণের রাতে তিনি বিহারে তার পোস্টে কাজ করছিলেন। ঘটনার আগের সন্ধ্যায় ফোনে বেশ খানিকক্ষণ মেয়েকে ‘বাবা’ বলানোর চেষ্টা করেছিলেন। মেয়ে তখনও কথা বলতে শেখেনি, কিন্তু বাবার গলা চিনতে পেরেছিল। ওই শব্দটাই এখনও তার কানে বাজে।
কফিনবন্দি দুই শিশুর দেহ সৎকার হয় প্রায় এক মাস পর। পরিবার চেয়েছিল আগে হত্যাকারীরা শনাক্ত হোক, শাস্তি পাক। সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত মর্গ থেকে দেহ নিতে রাজি হয়নি তারা। ২৫ দিন অপেক্ষার পর যখন দেহ সৎকার হচ্ছে, তখনও এফআইআর-এ অভিযুক্তের জায়গায় লেখা, ‘অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী’।
ভারতের মণিপুরে তিন বছরের বেশি সময় ধরে চলতে থাকা সংঘর্ষের সবচেয়ে নির্মম সত্যিটা বোধহয় এটাই। মৃত্যু আছে, শোক আছে, কিন্তু দায় নেওয়ার কেউ নেই।
সূচনা এক, পরিণতি অন্য
২০২৩ সালের এপ্রিল মাসে মণিপুর হাইকোর্ট রাজ্যের সরকারকে মেইতেই সম্প্রদায়ের মানুষকে তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার সুপারিশ করতে বলে। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই পর্যবেক্ষণকে ‘তথ্যগতভাবে ভুল’ বলে চিহ্নিত করে, কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
মণিপুরে প্রায় ৬০ শতাংশ মানুষই মেইতেই সম্প্রদায়ের। তারা মূলত ইম্ফল উপত্যকার সমতল অংশে বসবাস করেন এবং রাজনীতি ও অর্থনীতিতে তাদেরই দাপট। রাজ্যের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী কুকি-জো ও নাগারা আলাদা করে চাকরির ও তফসিলি মর্যাদার সুরক্ষা পান। হাইকোর্টের সুপারিশে কুকিদের মনে আশঙ্কা তৈরি হয় যে তারা যে সংরক্ষণের সুবিধে এতদিন ধরে পেয়ে এসেছেন, এইবার মেইতেইরা তাতে থাবা বসাবেন। ৩ মে রাজ্যের চুড়াচাঁদপুর ও বিষ্ণুপুরের সীমানায় একটা প্রতিবাদ সভার পর শুরু হল সংঘর্ষ এবং দ্রুত হিংসার আগুন ছড়াল গোটা মণিপুরে।
দুই পক্ষের লড়াই আজ বহু পক্ষের সংঘর্ষ
তবে সংঘর্ষের যে আবহ বর্তমানে মণিপুরকে ঘিরে রয়েছে, তার শুরু ২০২৩-এর মে মাস হলেও বিরোধের শিকড় অনেক গভীরে। সমতল এবং উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব বনাম পাহাড়ে বসবাসকারী কুকি-জো ও নাগা সম্প্রদায়ের জমি এবং অধিকার রক্ষার উদ্বেগ, সংরক্ষণের প্রশ্ন, পরিচয়ের রাজনীতি; সব মিলিয়ে অবিশ্বাসের পরিবেশ দীর্ঘদিনের।
মেইতেইদের অনেকে মনে করেন, এবং বিশ্বাসও করেন, যে কুকি-জো সম্প্রদায়ের মানুষ অবৈধ অনুপ্রবেশকারী বা মাদক কারবারের সঙ্গে সরাসরি যুক্ত। অন্য দিকে, কুকি-জোদের বহুদিনের অভিযোগ, রাজ্যের প্রশাসনিক ক্ষমতার অলিন্দে তাদের জোর করে প্রান্তিক করে রাখা হয়েছে।
এই পরস্পরবিরোধী ধারণা আর অবিশ্বাসের আবহ সংঘাতের প্রেক্ষাপট হিসেবে অনেক দিন ধরে কাজ করছে। আসলে, রাজনৈতিক বিরোধ যখন গোষ্ঠীদ্বন্দ্ব বা দু’টি সম্প্রদায়ের মধ্যে শত্রুতার জন্ম দেয়, তখন প্রতিবেশী রাতারাতি হয়ে ওঠে প্রতিপক্ষ। সে হয়ে ওঠে এমন এক শত্রু, যার বিরুদ্ধে যেকোনও রকম ব্যবস্থা নেওয়াকেই আদতে নিজের অস্তিত্ব রক্ষার শর্ত বলে মনে হয়।
বিপদটা আসলে এখানেই। কারণ, এক সম্প্রদায়ের নিরাপত্তার দাবি অন্য সম্প্রদায়ের কাছে যখন অস্তিত্বের সঙ্কট, তখন আপসের সামান্য পরিসরও ক্রমে সংকুচিত হয়ে আসে।
মণিপুরের বর্তমান পরিস্থিতিকে শুধু মেইতেই বনাম কুকি-জো সংঘাত হিসেবে দেখলে তার সাম্প্রতিক জটিলতা বোঝা যাবে না। এই দুই সম্প্রদায়ের পাশাপাশি, নাগা জনগোষ্ঠীর উদ্বেগও ক্রমশ বাড়ছে। নাগা সংগঠনগুলির বক্তব্য, সংঘাতের প্রথম দিকে তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিলেন। প্রবীণ নাগা নেতা আশিনপউ গাংমেই বলছেন, ২০২৩-এর মে মাসে নাগারা শান্তি কমিটি গড়েছিল, ইম্ফল উপত্যকা থেকে উচ্ছেদ হওয়া কুকিদের আশ্রয়ও দিয়েছিল।
কিন্তু, পরবর্তী ঘটনাপ্রবাহ সেই সম্পর্কের অবনতি ঘটিয়েছে। উখরুল জেলায় এক তাংখুল শিক্ষকের ওপর হামলা, ১৮ জন নাগা জনগোষ্ঠীর মানুষের অপহরণ (যাঁদের মধ্যে ছ’জনকে মেরে ফেলার অভিযোগ রয়েছে) এবং একাধিক খুন ও অপহরণের ঘটনা সেই নিরপেক্ষ অবস্থানে চিড় ধরাচ্ছে। নাগা সংগঠনগুলির অভিযোগ, তাদের জনগোষ্ঠীর প্রায় ৩৪জনের অপহরণ ও হত্যার পরেও স্থানীয় প্রশাসন প্রায় কিছুই করেনি।
অন্য দিকে, কুকি-জো নেতৃত্বের অভিযোগ, তাদের সম্প্রদায়ের বহু মানুষ মেইতেই ও নাগা সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন। কুকি ইনপি মণিপুরের এক প্রতিনিধির দেওয়া হিসেবেও মৃত্যুর সংখ্যা যথেষ্ট উদ্বেজনক, যদিও সেই সংখ্যা যাচাই করার কোনও পথ এই মুহূর্তে নেই।
কুকি ইনপি উত্তর-পূর্ব ভারত এবং পার্শ্ববর্তী অঞ্চলে কুকি উপজাতীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী শাসনব্যবস্থা এবং সর্বোচ্চ সামাজিক-রাজনৈতিক সংগঠন। বর্তমানে, কুকি সম্প্রদায়ের অধিকার, সাংস্কৃতিক পরিচয় এবং রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে এই নাগরিক সংগঠনটি কাজ করছে। কুকি ইনপির দাবি, ঘরছাড়া পরিবারগুলির পুনর্বাসন, নিরাপত্তা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বিধানসভা-সহ একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিকেও তারা সাংবিধানিক সত্ত্বার পরিচয় হিসেবে তুলে ধরছেন।
কিন্তু নাগা প্রতিনিধিদের একাংশের আশঙ্কা, এইরকম কোনও আঞ্চলিক বন্দোবস্ত তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ ও জমির অধিকারে সরাসরি আঘাত করতে পারে।
মেইতেই সমাজের মধ্যেও নিরাপত্তাহীনতা প্রবল। মেইতেই মহিলাদের সংগঠন মেইরা পাইবির নেত্রীদের বক্তব্য, সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মেইরা পাইবির সভাপতি থোকচম সুজাতা চান সাসপেনশন অফ অপারেশনস চুক্তি প্রত্যাহার এবং কড়া আইনি ব্যবস্থা।
যে অপরাধের অপরাধী নেই
২০২৩-এর ৩ মে চুড়াচাঁদপুর-বিষ্ণুপুর সীমানায় প্রথম সংঘর্ষ বাধার পর থেকে মণিপুরের পরিস্থিতি নিয়ে একাধিক সমীক্ষা হয়েছে, যার বেশিরভাগটাই বেসরকারি। এই রকমই একটি সমীক্ষা বলছে, ২০২৩ থেকে ২০২৫-এর শেষ পর্যন্ত রাজ্য জুড়ে খুন, ধর্ষণ, অপহরণ ও অগ্নিসংযোগের প্রায় ১২ হাজারেরও বেশি এফআইআর দায়ের হয়েছে। কিন্তু, এফআইআরে অভিযুক্তরা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ‘অজ্ঞাত’, নয়তো নথিতে ‘মেইতেই জঙ্গি’, ‘কুকি জঙ্গি’ অথবা ‘নাগা জঙ্গি’র মতো গোষ্ঠীর লেবেল সাঁটা, যা পুলিশের নিজের ভাষায়ই ‘অজ্ঞাতের’ নামান্তর।
নিট ফল, এই বিপুল সংখ্যক এফআইআর দায়ের হলেও, একটি মামলায়ও সাজা হয়নি! যত দিন এগিয়েছে, ততই অভিযুক্তের পরিচয় ঝাপসা হয়েছে। কে সাধারণ নাগরিক, কে গ্রাম-স্বেচ্ছাসেবক, কে উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য, আর কে সম্প্রদায়ভুক্ত গ্রাম সুরক্ষা বাহিনীর ক্যাডার তা বলা কঠিন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা মেনে নিচ্ছেন, মেইতেই, কুকি-জো এবং নাগা, তিন পক্ষেরই সশস্ত্র ক্যাডার এই হিংসা এবং রক্তপাতে সরাসরি জড়িত, কিন্তু মাঠে নামলে এদের আলাদা করে চেনা প্রায় অসম্ভব।
মণিপুরের সঙ্কটের সবচেয়ে বিপজ্জনক দিক সম্ভবত এটাই। হিংসা ছড়িয়ে পড়ছে, মানুষ মারা যাচ্ছেন, বাড়িঘর পুড়ছে; কিন্তু অপরাধীকে চিহ্নিত করা যাচ্ছে না, আইনের আওতায়ও আনা যাচ্ছে না।
এই পুরো পরিস্থিতির অভিঘাত শুধু আইনি নয়, এর একটা গভীর সামাজিক দিকও আছে। বিচার না হলে মৃতের সৎকার আটকে থাকে, দেহ পড়ে থাকে মর্গে। চুড়াচাঁদপুরে এক বিধায়কের মরদেহ এখনও মর্গেই, কারণ সমর্থকেরা ন্যায় চান। ন্যায়বিচারের পথ বন্ধুর হলে, মানুষ প্রথমে প্রতিবাদ করে মিছিলে কিংবা ঘেরাওয়ে, আর শেষে দেওয়ালে পিঠ ঠেকে গেলে কখনও কখনও তুলে নেয় অস্ত্র।
৭ এপ্রিলের সেই অভিশপ্ত রাতে যখন পাঁচ বছরের টমথিন ওইনাম আর তার পাঁচ মাসের বোন ওইনাম লেইসানা বোমার আঘাতে মারা যায় এবং তাদের মা ওইনাম বিনিতা গুরুতর আহত হন, তার পরদিন, অর্থাৎ ৮ এপ্রিল প্রবল ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। উত্তেজিত জনতা মিছিল করে গেলমোল/বিষ্ণুপুরে একটি সিআরপিএফ ক্যাম্পে ঢোকার চেষ্টা করলে বাহিনীর গুলিতে তিন জন মারা যান।
পুলিশের দাবি, ভিড়ের আড়ালে ক্যাম্প থেকে অস্ত্র লুঠের চেষ্টা হয়েছিল। নিহতদের পরিবারের দাবি তারা নিরস্ত্র ছিলেন। ঘটনার পর পুলিশ জানায় যে হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিষিদ্ধ ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির তিনজনকে চূড়াচাঁদপুর জেলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে অস্ত্র ও কাঁচা আফিম বাজেয়াপ্ত করা হয়েছে। মামলাটি পরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) কাছে হস্তান্তর করা হয়, কিন্তু তারপর থেকে নিহতদের পরিবারগুলি লাগাতার অভিযোগ করেছে যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে না।
যখন কোনও তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রভাবিত পরিবারগুলি নির্ভরযোগ্য তথ্য পায় না, তখন আইনের স্বাভাবিক প্রক্রিয়াও তাদের কাছে অর্থহীন বলে মনে হতে শুরু করে। সন্তানহারা মা জানতে পারেন না তার সন্তানের হত্যাকারী কে। স্বামীহারা স্ত্রী জানেন না কেন তার স্বামীকে মরতে হল। একটি শিশু বড় হতে থাকে এমন এক পরিবেশে, যেখানে তাকে শেখানো হয় অন্য সম্প্রদায়কে ভয় করতে। একটি হত্যার জবাবে আর একটি হত্যা, তার জবাবে আরও একটি হামলা, এভাবেই হিংসা নিজের যুক্তি নিজেই তৈরি করে।
অস্থায়ী আশ্রয়ে স্থায়ী, শিবিরে বেড়ে ওঠা শৈশব
লাগাতার গোষ্ঠী সংঘর্ষ আর সংঘাতের মাঝে জমির অধিকার, সংরক্ষণ, স্বায়ত্তশাসনের প্রশ্ন যে রকম মণিপুরকে তাড়া করে চলেছে, তেমনই রয়েছে মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। এবছর মে মাসের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে সরকারি হিসেবে প্রায় ৫৮ হাজারেরও বেশি মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে রাজ্যের বিভিন্ন ত্রাণশিবিরে বসবাস করছেন। কয়েক সপ্তাহের আশ্রয় এখন বসতিতে পরিণত হয়েছে। অনেকেই দিনে দু’বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। সেই সঙ্গে যোগ হয়েছে শিবিরে যৌন নিগ্রহ ও হিংসার অভিযোগ।
ত্রাণ বা উদ্বাস্তু শিবিরে দিন কাটানো মানে শুধু নিজের বাড়ি থেকে দূরে থাকা নয়। নিজের পরিচিত এলাকা, জীবিকা, স্কুল, চিকিৎসা এবং সামাজিক সম্পর্ক থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়া। যে চাষি নিজের জমিতে চাষ করে সংসার চালাতেন, তিনি কাজ হারান, যে মানুষটির পরিবার ছোট দোকান বা দৈনিক মজুরির আয়ে চলত, তার উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। ঘর ছাড়ার তাড়ায় ফেলে আসা নথিপত্রের অভাবে অন্য রাজ্যে কাজ খুঁজতেও সমস্যায় পড়েন অনেকে।
শিক্ষার ক্ষতিটা আরও গভীরে। রক্তঝরা মণিপুরে হাজার হাজার ছাত্রছাত্রী বাস্তুচ্যুত হয়েছে। কেউ অন্য রাজ্যে নতুন স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে, আবার কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। নথিপত্রের অভাব, আর্থিক অনিশ্চয়তা এবং ইন্টারনেট সংযোগের সমস্যায় অনলাইন শিক্ষাও সবার নাগালে নেই।
তবে সব ক্ষতির হিসাব তো নথিতে কিংবা পরিসংখ্যানে ধরা পড়ে না। ত্রাণশিবিরে বড় হতে থাকা একটি শিশুর কাছে হিংসাই যদি জীবনের স্বাভাবিক ছবি হয়ে ওঠে, তখন তার ভবিষ্যৎ শুধু শিক্ষাব্যবস্থার প্রশ্নে সীমাবদ্ধ থাকে না। অবাধ অস্ত্রের আস্ফালন ও প্রতিশোধের আবহে বেড়ে ওঠা শিশুরা নিজেরাও সশস্ত্র গোষ্ঠীর প্রতি আকৃষ্ট হয়। আজকের দগদগে ক্ষতেই লালিত হয় সংঘাতের পরবর্তী প্রজন্ম।
বারুদের হিসাব
মণিপুরের এই হিংসাত্মক পরিস্থিতি কি শুধুই কয়েকটি সম্প্রদায়ের মধ্যে বিরোধ এবং জমি আর সংরক্ষণের অধিকারের জন্যে? নাকি, এর পিছনে আছে আরও বড় কারণ? ওয়াকিবহাল মহলের মতে পরিচিতির রাজনীতি আর সংরক্ষণের টানাপোড়েনের আড়ালে লুকিয়ে আছে অস্ত্র আর মাদকের অবৈধ কারবার। মণিপুর সরকারের একটি হিসেব বলে, ২০২৩-এ যখন হিংসা প্রথম রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে, সেই সময়ে বেশ কিছু থানা এবং অস্ত্রাগার থেকে লুঠ হয়েছিল ছ’হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্র, ছ’লক্ষ কার্তুজ আর ২৮ হাজারের বেশি বিস্ফোরক। এর বেশির ভাগটাই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, আর যেটুকু হয়েছে তার বড় অংশই হল পুরনো বন্দুক। এ-কে বা ইনসাসের মতো উন্নত অস্ত্রের এখনও কোনও খোঁজ নেই। তার উপর রয়েছে মায়ানমারের সঙ্গে প্রায় ১,৬০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত যার বহু জায়গা দিয়ে চলে অবাধে পাচার এবং মাদক চোরাচালান।
যে সংঘর্ষে সবাই অপটু, কিন্তু সশস্ত্র
মণিপুরের সঙ্কট এখন আর শুধু কয়েক পক্ষের ঝগড়া-বিবাদ নয়। এটা এখন রাষ্ট্রের উপর, পুলিশের উপর, নিজের প্রতিবেশীর ওপর বিশ্বাসের সঙ্কট। মণিপুর এখন এমন একটা রাজ্য যেখানে প্রতিটি সম্প্রদায় ভয়ে আচ্ছন্ন। দীর্ঘদিন ধরে চলতে থাকা হিংসায় শুধু কত জন মারা গেলেন, কতগুলি বাড়ি পুড়ল, কিংবা কত মানুষ উদ্বাস্তু হলেন, তার হিসাব দিয়ে রাজ্যের মানুষের ক্ষতি মাপা মুশকিল। ক্ষতি মাপতে হয় সেই বিশ্বাস দিয়ে, যা ভেঙে গেলে পাশাপাশি বসবাস করা মানুষও একে অন্যকে সন্দেহ করতে শুরু করেন। মণিপুরে সেই ক্ষতই এখন সবচেয়ে গভীর।
নভেম্বরের শুরুতেই পুলিশ জানিয়েছে যে রাজ্যে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নোনে জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গিয়েছে কুকি জনগোষ্ঠীর তিন জন। অক্টোবরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দু’জন কুকি যুবক, যাদের পচাগলা দেহ উদ্ধার হয়েছে কাঙ্গপোকপি জেলা থেকে। দু’ক্ষেত্রেই অভিযোগের তির নাগা গোষ্ঠীর দিকে। অক্টোবরের শেষে সুনুলোক পাহাড়ে কাঠ কুড়োতে যাওয়া ১৪ জনের একটা মেইতেই দলের উপর হামলায় মারা গিয়েছে তিন জন।
মাঝে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীর একটা সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু সম্প্রতি নাগাদের দিক থেকে আক্রমণ এবং হেনস্থা বাড়ার অভিযোগে সেই সাসপেনশন অফ অপারেশনস চুক্তি প্রত্যাহারের দাবিতে ইম্ফলের রাস্তায় মিছিল করেছেন বহু মানুষ। নোনে জেলায় কুকি-নাগা সংঘর্ষে তিন জনের মৃত্যুর পর বিচারের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার কুকি।
অমীমাংসিত সংঘাত থামার আগের প্রশ্ন
২০২৪-এর সেপ্টেম্বরে সেলিনা মাইরেমবামের বয়েস ছিল সতেরো। মইরাংয়ে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান চলাকালীন হঠাৎই প্রবল শব্দে আর ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমার আঘাতে সেলিনার ডান হাত ছিঁড়ে পড়ে শরীর থেকে। সেলিনা মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর প্রপৌত্রী। প্রাণোচ্ছল মেয়েটি এখন মাঝে মাঝে ফিসফিস করে বলে, “আমি সবসময় ভয় পাই, ভয় পেতে চাই।”
আগের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগ (২০২৫-এর ফেব্রুয়ারি), রাষ্ট্রপতি শাসন, নতুন মুখ্যমন্ত্রী য়ুমনাম খেমচাঁদ সিংয়ের দ্বায়িত্ব নেওয়া, প্রধানমন্ত্রী মোদির মণিপুর সফর (২০২৫-এর সেপ্টেম্বর), প্রশাসনিক স্তরে রদবদল, তালিকাটা বেশ লম্বা কিন্তু কোনও পদক্ষেপই এখনও পর্যন্ত ভয়ের বাতাবরণ থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে পারেনি।
মণিপুরের সমাধান কোনও একটা নির্দিষ্ট ছকে বাঁধা নেই। দরকার রাজনৈতিক আলোচনা, কিন্তু আলোচনার টেবিলে বসার আগে মানুষকে ভরসা দিতে হবে যে তার প্রিয়জনের হত্যার বিচার হবে। অস্ত্র ফেরানো দরকার, কিন্তু তার জন্য চাই এমন বাহিনী, যাকে সব পক্ষ বিশ্বাস করে। ত্রাণশিবিরের মানুষকে ঘরে ফেরার রাস্তা এমনভাবে প্রশস্ত করতে হবে যাতে সেই ফেরা হয় স্বেচ্ছায়।
মণিপুরের মানুষকে শুধু শান্ত থাকার আবেদন জানালে চলবে না। তাদের এমন একটা পরিস্থিতি দিতে হবে, যেখানে শান্ত থাকাটা দুর্বলতা বলে মনে হবে না, যেখানে অস্ত্র হাতে নেওয়াটাই নিরাপত্তার একমাত্র উপায় বলে মনে হবে না, যেখানে বিচার পাওয়ার জন্য মৃতদেহ নিয়ে প্রশাসনের দরজায় দাঁড়াতে হবে না। ত্রংলাওবির সেই হতভাগ্য মা, সুনুলোকের কাঠুরিয়া পরিবার, উখরুলে শ্রমিকের স্ত্রী, ত্রাণশিবিরে বেড়ে ওঠা শিশু, সবাই অপেক্ষায়। অপেক্ষা মণিপুরের আকাশ-বাতাস থেকে ‘অজ্ঞাতের’ ছায়া সরে যাওয়ার।
সূত্র: আজকাল