
সংগৃহীত ছবি
বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে।
আজ শনিবার মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী।
এজাহারে আবদুল হালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, আজ শনিবার আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, সাংবাদিকদের কাছ থেকেই মামলার বিষয়টি জানতে পারলাম। এ ধরনের অভিযোগের বিষয় আমি ওয়াকিবহাল নই। খোঁজ নিয়ে জেনে বলতে পারব।
মামলার এজাহার অনুযায়ী, পাঁচ বছর আগে দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন বাদী ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান হামলাকারীরা।
পালাবদল/এসএ