সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
 
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য বাড়িতে আগুনের ঘটনার তদন্তকে প্রভাবিত করতে পারে: নুসরাত





পালাবদল ডেস্ক
Sunday, 15 November, 2026
11:57 PM
 @palabadalnet

স্বরাষ্ট্রমন্ত্রী ও নুসরাত তাবাসসুম: ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী ও নুসরাত তাবাসসুম: ছবি: ভিডিও থেকে নেওয়া

এনসিপি সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, তার বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্য চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে।

আজ রোববার সংসদে এই অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি সংসদীয় রীতিনীতি মেনেই ওই মন্তব্য করেছেন। তিনি বলেন, এখানে প্রভাবিত করার জন্য আমরা কোনো স্টেটমেন্ট দিই না।

গত বুধবার রাতে কুষ্টিয়ায় নিজ গ্রামের বাড়িতে আগুনের ঘটনার কথা উল্লেখ করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, “আগুন সন্ত্রাসের ঘটনায় আমি আসলে দুইবার আহত হয়েছি।”

তিনি বলেন, “প্রথমবার আমি যখন দেখেছি আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়বার, যখন আমি দেখেছি এই মহান জাতীয় সংসদে শ্রদ্ধাভাজন সহকর্মীরা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।”

তিনি বলেন, আমার বাড়িতে মধ্যরাতে যখন আগুন দেওয়া হয়, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে দাউদাউ করে সারা বাড়িতে আগুন জ্বলে ওঠে। বাড়ি থেকে নারীরা, বাচ্চারা দৌড়ে বের হয়ে আসছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। কিন্তু তখনও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতিটি জ্বলছিল।

তিনি আরও বলেন, এটা খুবই আক্ষরিক প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। এ প্রমাণ থাকা সত্ত্বেও সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যখন বলা হয়, বাড়িটি পরিত্যক্ত ছিল কিংবা এটি শর্ট সার্কিটের ঘটনা, তখন আসলে আমার কাছে মনে হয়, তদন্ত চলাকালীন এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে।

গত বৃহস্পতিবার বিকেলে সংসদে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, পুরোনো বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

নুসরাত আজ উল্লেখ করেন, সংসদে পাঁচ থেকে ছয়বার ‘পরিত্যক্ত’ শব্দটি উচ্চারণ করা হয়েছে। নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য দাবি করে তিনি বলেন, “আমি আমার সহকর্মীদের কাছ থেকে এতটুকু সংবেদনশীলতা, সহমর্মিতা আশা করেছিলাম।”

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই যখন কোনো দায়িত্বশীল ব্যক্তি তদন্তের ফলাফল নিয়ে চূড়ান্ত মন্তব্য করেন, তখন তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।

নুসরাত বলেন, যখন কর্তাব্যক্তির মুখ থেকে এরকম কোনো কথা আসে, তখন অধস্তন যারা আছেন, তাদের কর্তাব্যক্তিকে খুশি করার জন্য এই ধরনের রিপোর্ট তৈরির একটি সম্ভাবনা থেকেই যায়।

তিনি বলেন, আমি বলছি না যে এমন কোনো ঘটনা ঘটবে, কিন্তু শুধু এটাই বলতে চাচ্ছি, এই সংসদে দাঁড়িয়ে তদন্ত চলাকালীন যে ধরনের কথা হয়েছে, তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান।

এই সংসদ সদস্য বলেন, একটি ঘটনার পরে যখন সন্ত্রাসীরা উল্লাস করে, যখন সোশ্যাল মিডিয়ায় এসে সেটার দায় স্বীকার করে, তারপরও দায়মুক্তি দেওয়া আসলে কতটা যুক্তিযুক্ত? 

নিজের পাওয়া হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, আমার বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল ওই একই প্যাটার্নে আজ সারাদিন কিন্তু গোপালগঞ্জ জ্বলছে। বিএনপি, ছাত্রদলের, যুবদলের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একই প্যাটার্নে সোশ্যাল মিডিয়াতে আমরা উল্লাস দেখতে পাচ্ছি।

তিনি বলেন, তদন্ত চলছে, এটুকু বললেই হতো। এখানে কোনো দায়মুক্তি দেওয়ার কথা না বললেও চলত। আজ আমরা দেখেছি যে আসলে কী শুরু হয়েছে। প্রকাশ্যে বলছে ‘এনসিপি-বিএনপি তোমরা তোমাদের প্রাণ নিয়ে পালাও।’ টার্গেটে আসলে কারা? জুলাইয়ের যারা সম্মুখে ছিল তারা।

তিনি আরও বলেন, “আমি, আমার পরিবারের এবং জুলাইয়ের সব অগ্রসেনানীর নিরাপত্তা চাচ্ছি। শুধু একটাই প্রশ্ন-আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার কবে এবং কীভাবে পাব?”

তার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি বৃহস্পতিবার সংসদে তথ্যের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছিলেন এবং ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ নভেম্বর তিনি বলেছিলেন, তদন্তকারীরা তাদের প্রাথমিক অনুসন্ধানে কোনো বোমার প্রমাণ পাননি। শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

তিনি বলেন, ‘আমি কনক্লুসিভ কিছু বলিনি এবং বলেছি তদন্ত শেষ হওয়ার পরই কথা বলতে পারব।”

সালাহউদ্দিন আরও বলেন, তারা একটু মনঃক্ষুণ্ণ হয়েছেন, এ কারণে যে সেখানে একটা ছাগল মারা গিয়েছে এটা সত্য। ওখানে গরুও ছিল বলে আমি শুনেছি এবং ওখান থেকে কোনো মানুষ বের হয়নি, এটা আমি তো অস্বীকার করিনি। ভিডিওটা তখনও পর্যন্ত আমি দেখিনি, পরে আমিও দেখেছি। দেখেছি, একজন নারী তার সন্তান কোলে নিয়ে বেরোচ্ছেন। এগুলো সব তদন্তের বিষয়।

কলাবাগান থানায় নুসরাত তাবাসসুমের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) উল্লেখ করে মন্ত্রী বলেন, ওই বিষয়েও আইনি প্রক্রিয়া চলমান।

তদন্ত প্রভাবিত করতে পারে-নুসরাত তাবাসসুমের এমন মন্তব্যের জবাবে সালাহউদ্দিন বলেন, আমার স্টেটমেন্টের কারণে তদন্ত প্রভাবিত হতে পারে-এই প্রভাবিত শব্দটা আমার মনে হয় এক্সপাঞ্জ করলে ভালো হয়। কারণ আমরা এই মহান জাতীয় সংসদে যাই আলাপ করব সংসদীয় ভাষায়, সেটা জায়েজ। এখানে প্রভাবিত করার জন্য আমরা কোনো স্টেটমেন্ট দিই না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, একজন সংসদ সদস্য কিংবা যেকোনো মানুষের জানমালের ওপর যেকোনো হামলা নিন্দনীয় এবং তা কঠোরভাবে দেখা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নুসরাত তাবাসসুমকে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘তদন্ত প্রভাবিত হতে পারে’—এই বাক্যাংশটি অসংসদীয় নয়। স্পিকার বলেন, একজন আক্রান্ত ব্যক্তির আশঙ্কা থাকতেই পারে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]