
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি
একটি প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদদে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে উদ্বেগজনক তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বিকেল ৩টায় বিরোধীদলীয় নেতার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে শফিকুর রহমান সভাপতিত্ব করেন। এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে একটি প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে উদ্বেগজনক তথ্য পাওয়া যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ও গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মাতারবাড়ী প্রকল্প ও জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, প্রকল্পটিকে কেন্দ্র করে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কি না, সে বিষয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি চুক্তির সব শর্ত ও সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।
দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাকশিল্পও গভীর সংকটের মুখে পড়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ খাতের সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগের অভাব অর্থনীতি ও শ্রমবাজারের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপতৎপরতা ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। সরকারের এ দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী দেশজুড়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা ও সহিংস ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।
ফ্যাসিবাদী সন্ত্রাস ও অপতৎপরতা মোকাবিলায় দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ী প্রকল্প, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন, সার ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমের গ্রহণযোগ্যতা এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়ায় সরকারের গাফিলতিসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে আলোচনা হয়।
মাতারবাড়ী প্রকল্পের চুক্তি, অর্থায়ন, বাস্তবায়ন ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সব তথ্য স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্যরা।
পালাবদল/এসএ