
হরমুজে মাইনের আঘাতে অননুমোদিত তেলের ট্যাংকারে আগুন। ছবি: ইরানী গণমাধ্যম থেকে সংগৃহীত
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে একটি তেলবাহী ‘সুপারট্যাংকারে’ আগুন ধরে যাওয়ার পর সেটি ডুবে গেছে।
এমনই দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)।
রোববার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
জাহাজটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে বিপ্লবী রক্ষীবাহিনী।
আইআরজিসি আরও জানিয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথটি দিয়ে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের একটি ছিল ওই ট্যাংকার।
তবে এ ঘটনার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে তেহরান।
তেহরানের দাবি, এ পথে কোনো নৌযান চলাচল করতে হলে ইরানের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
অনুমতি ছাড়া ওই জলপথের ব্যবহার প্রতিহত করতে জাহাজে সরাসরি হামলা ও মাইন পেতে রাখার মতো উদ্যোগ নিয়েছে ইরান। এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
পাশাপাশি, এই প্রণালি দিয়ে ট্যাংকার চলাচলে নিরাপত্তা দিয়ে সহায়তা করছে ওয়াশিংটন। তা সত্ত্বেও হরমুজে নিয়মিত জাহাজে হামলার খবর পাওয়া যায়।
সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, এই জলপথ থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বিপ্লবী রক্ষীবাহিনী বলেছে, “গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অননুমোদিত পথে চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত করে। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।”
বিবৃতিতে আরও বলা হয়, “জাহাজ দুটির একটি ছিল ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকার। এটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে গেছে।”
ট্যাংকার দুটির নাম বা কোন দেশের, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
পালাবদল/এসএ