মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
 
রাজনীতি
ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করতে একমত সরকার-এনসিপি





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 24 November, 2026
12:03 AM
 @palabadalnet

গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একমত হয়েছে সরকার ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পতিত ফ্যাসিস্ট শক্তির সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার। পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে মাহদী আমিন বলেন, দেশকে আর কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার শতভাগ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন। প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক চলে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে কথা হয়েছে। আমরা সমসাময়িক বিভিন্ন ঘটনা তুলে ধরেছি। একইসঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য অগ্নিসংযোগ ও প্রশাসনের দুর্বলতা নিয়েও কথা হয়েছে। তিনি বলেন, আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আগে যা ছিল তা আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি। বিএনপির পররাষ্ট্রনীতি। এখন একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন।

বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, গঙ্গার পানির ন্যায্য হিস্যা এবং ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে—তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি। নাহিদ বলেন, আমরা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বলেছি।

এ ছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে বলে মনে করে এনসিপি। এ কারণে দলটি ওই কমিটি বাতিলের সুপারিশ করেছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না, তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার দায়িত্ব সরকারের বলে মনে করে এনসিপি। বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক ঐক্যের জন্য সরকারকেই জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে।

চলমান সহিংসতা এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রচেষ্টার পেছনে ভারতের হাত রয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৈঠকের পর সরকারের পক্ষ থেকেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য জোরদারের প্রত্যাশা জানানো হয়েছে। মাহদী আমিন বলেন, এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]