মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
 
জাতীয়
অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: ইইউ রাষ্ট্রদূত





নিজস্ব প্রতিবেদক
Monday, 23 November, 2026
11:52 PM
 @palabadalnet

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে একটি স্থিতিশীল ও দায়িত্বশীল সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে সরকারকে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে এখনো কোনো অবস্থাননেয়নি ইইউ। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের বিষয়ে জানতে চাওয়া হলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনো অবস্থাননেয়নি। তবে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো ইইউ লক্ষ্য করেছে।

তিনি বলেন, “এ বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই।”

ইইউ রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা হলো, অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখা। এর অর্থ সহিংসতা পরিহার করা এবং জননিরাপত্তার প্রতি সম্মান দেখানো।

রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, রাজনৈতিক উত্তরণ এক দিনে সম্পন্ন হয় না। এ ধরনের পরিবর্তন কার্যকর হতে কয়েক বছর সময় লাগে। ধারাবাহিক সংস্কারের মধ্য দিয়েই তা অর্জন করতে হয়।

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতেই পারে। ভিন্নমত প্রকাশের সুযোগও থাকতে হবে। তবে এর একটি সীমা রয়েছে। কোনো কর্মকাণ্ড বেআইনি হলে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করলে তা গ্রহণযোগ্য হতে পারে না।

মাইকেল মিলার বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাই ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের মূল ভিত্তি। সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে ইইউ। তবে সহিংসতা বা বিদ্বেষ ছড়ানোর উসকানির পক্ষে নয়।

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য তৈরির ক্ষেত্র হিসেবে জাতীয় সংসদকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের ফল যা-ই হোক না কেন, একটি গণতন্ত্র তখনই সবচেয়ে কার্যকর হয়, যখন রাজনৈতিক দলগুলো দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও সংস্কারের বিষয়ে যতটা সম্ভব ব্যাপক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করে।

বাংলাদেশের আগের শাসনব্যবস্থার প্রসঙ্গ টেনে মাইকেল মিলার বলেন, ওই সময়ে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, “আগের শাসনামলে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার সম্পর্ক ভেতর থেকে ফাঁপা হয়ে গিয়েছিল।”

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে ইইউর সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে তারা অত্যন্ত সমালোচনামুখর। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইইউ সমর্থন দেবে এবং অর্থায়ন করবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে ইইউ তার রাজনৈতিক প্রভাব ও সহযোগিতা কাজে লাগাবে বলেও জানান তিনি।

মানবাধিকার প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার সর্বজনীন। এটি সবার অধিকার এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

তিনি আরও বলেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে ইউরোপীয় ইউনিয়ন সহায়তা করেছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট) প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

মানবপাচার প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, মানুষ পাচার একটি বেআইনি কর্মকাণ্ড। বাংলাদেশের নাগরিকদের শোষণ করে এমন অপরাধী চক্রগুলো ভেঙে দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছে।

তিনি বলেন, মানবপাচারকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি জাতীয় সংসদে নিশ্চিত হওয়ায় ইইউ স্বাগত জানিয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]