মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
 
দক্ষিণ এশিয়া
নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, যেকোনো মুহূর্তে বিপদের আশঙ্কা





পালাবদল ডেস্ক
Monday, 23 November, 2026
11:42 PM
 @palabadalnet

 পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা ভালো নয়। তার রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিশ্চিত করা না হলে যেকোনো সময় গুরুতর বিপদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল খাতুন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সল এ আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ইমরানের উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। অন্যথায় তার কিডনি, হৃদ্‌যন্ত্র ও চোখের রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইমরান খানের প্রায় ৩০ বছর ধরে চিকিৎসা করছেন ফয়সল। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই ধরনের রক্তচাপ নিয়ে কোনো রোগী আমার কাছে এলে আমি তাকে অবিলম্বে ভালো কোনো হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দিতাম। কয়েক দিনের মধ্যেই ইমরানের রক্তচাপ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।’

এদিকে নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে চিঠি লিখেছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। গত সোমবার তার আইনজীবী সালমান সফদর সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন। এতে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে অবিলম্বে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

চিঠিতে ইমরান অভিযোগ করেন, তার ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিশ্চিত করতে আদালত নির্দেশ দিলেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার তা বাস্তবায়ন করছে না। তার দাবি, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার গুরুতর ঝুঁকিতে রয়েছেন তিনি। অন্যদিকে, কারাবন্দি বুশরা বিবির স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তোশাখানা-২ মামলায় ২০২৫ সালে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে তাদের করা আবেদন বর্তমানে ইসলামাবাদ হাইকোর্টে বিচারাধীন।

এর আগে ২০২৪ সালে তোশাখানা-১ মামলায় ইমরানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ইসলামাবাদ হাইকোর্ট ওই সাজা স্থগিত করেছেন। এ ছাড়া ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) দুর্নীতি মামলা এবং নির্বাচন কমিশনের করা মামলায় দেওয়া কারাদণ্ডও স্থগিত হয়েছে।

প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে অবৈধভাবে জমি ও অন্যান্য সুবিধা নেওয়ার অভিযোগে করা মামলায়ও ইমরানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকা ইমরানের স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তার চিকিৎসকের এই বক্তব্যে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসক।


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]