সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
 
মতামত
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়: ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ওপর কি প্রভাব পড়বে?





আমির জাহাঙ্গীর
Monday, 9 November, 2026
10:22 PM
 @palabadalnet

পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক কখনোই ওয়াশিংটনের একটি নির্দিষ্ট রাজনৈতিক সমীকরণের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল না।

পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক কখনোই ওয়াশিংটনের একটি নির্দিষ্ট রাজনৈতিক সমীকরণের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল না।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২৬ সালের দাভোস সম্মেলনে বোর্ড অব পিসের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (বাঁয়ে)। ২২ জানুয়ারি, ২০২৬। - এএফপি

যুক্তরাষ্ট্রের একটি মাত্র নির্বাচনের ফলাফল দিয়ে পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের মূল্যায়ন করা যায় না। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এমন জল্পনা তৈরি হয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দুই দেশের সম্পর্ক যে কূটনৈতিক উচ্চতায় পৌঁছেছিল, সেখান থেকে হয়তো অবনতি ঘটতে পারে।

এই উদ্বেগের বড় কারণ হলো, পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য ও দৃশ্যমান যোগাযোগ। বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা প্রয়োজন। তবে শুধু দৃশ্যমান যোগাযোগ দিয়ে কোনো সম্পর্কের শক্তি কিংবা দুর্বলতার ঝুঁকি পরিমাপ করা যথেষ্ট নয়।

কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ট্রাম্পের কাজের পরিবেশ বদলে যেতে পারে। কিন্তু এতে হোয়াইট হাউসের বাসিন্দা পরিবর্তন হয় না। একইভাবে, এর ফলে স্বয়ংক্রিয়ভাবে প্রশাসনের পররাষ্ট্রনীতি বদলে যায় না কিংবা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পেছনে থাকা স্বার্থগুলোও বিলুপ্ত হয় না। বরং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সেই স্বার্থগুলোর মধ্যে আদৌ কোনো মৌলিক পরিবর্তন এসেছে কি না।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট বরাদ্দ, আইন প্রণয়ন এবং সরকারের কার্যক্রমের ওপর নজরদারির ক্ষমতা কংগ্রেসের রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তন হলে সরকারের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়তে পারে, সহায়তার বিষয়টি প্রভাবিত হতে পারে এবং নির্বাহী বিভাগের সিদ্ধান্ত গ্রহণ জটিল হয়ে উঠতে পারে।

গত ৭৯ বছর ধরে পাকিস্তান এই পার্থক্যগুলো সামাল দিয়ে আসছে। ১৯৪৭ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দেশটি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের প্রেসিডেন্ট, দুই দলের নিয়ন্ত্রণাধীন কংগ্রেস এবং বিভক্ত সরকারের সঙ্গে কাজ করেছে। ওয়াশিংটনের কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক সমীকরণের ওপর পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক কখনোই এককভাবে নির্ভরশীল ছিল না।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতিকেও এই ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পরবর্তী পরিস্থিতি দুই দেশের মধ্যে নতুন করে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি করে। গাজা নিয়ে কূটনৈতিক তৎপরতাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনাপ্রবাহ পাকিস্তানের সামনে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে মিলে অবদান রাখার নতুন ক্ষেত্র তৈরি করে।

২০২৫ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের কূটনীতি একই আলোচনার অংশ হয়ে ওঠে।

ট্রাম্পের ব্যক্তিগত আগ্রহ এই সম্পর্কের অগ্রগতিতে গতি সঞ্চার করেছিল। পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব সেই সুযোগ কাজে লাগিয়ে সংলাপ এগিয়ে নিয়েছে। তবে এর পেছনের পরিস্থিতি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত সম্পর্কের চেয়ে অনেক বড় ছিল। আঞ্চলিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমন এবং কূটনৈতিক অংশীদার খোঁজার প্রয়োজনীয়তা-সবকিছুই এখানে ভূমিকা রেখেছে।

এটা অনুমান করা যুক্তিসংগত যে, একই ধরনের পরিস্থিতিতে ভিন্ন কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকলেও পাকিস্তান একই রকম গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করত। যোগাযোগের ধরন ও কূটনৈতিক পরিবেশ হয়তো ভিন্ন হতো। কিন্তু ইসলামাবাদের স্বার্থ ও প্রণোদনাগুলো একই থাকত। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কিত উদ্বেগের কারণে পাকিস্তান সব সময়ই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তির সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখতে চেয়েছে।

ইংরেজি ভাষায় শিক্ষা, পেশাগত নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয়, প্রবাসী জনগোষ্ঠী এবং মার্কিন সাংস্কৃতিক প্রভাব দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। এসব বিষয় সরাসরি পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না। তবে এগুলো ব্যাখ্যা করে, কেন দুই দেশের সম্পর্ক শুধু সরকারি পর্যায়ের নিরাপত্তা সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সেটি হলো, কূটনৈতিক উষ্ণতা এবং বাস্তব অর্জনের মধ্যে পার্থক্য। উচ্চপর্যায়ের বৈঠক পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে পারে এবং নতুন সুযোগ তৈরি করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এসব বৈঠকের সাফল্য বিচার করতে হবে বাস্তবায়িত বিনিয়োগ, নিশ্চিত বাজারসুবিধা, প্রযুক্তি হস্তান্তর এবং কার্যকর নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে।

এ কথা বলা ভুল হবে যে, সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ থেকে কোনো বাস্তব ফল পাওয়া যায়নি। ২০২৫ সালের জুলাইয়ে পাকিস্তান একটি শুল্কসংক্রান্ত সমঝোতা অর্জন করে। একই বছরের আগস্টে ওয়াশিংটন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এগুলো ছিল গুরুত্বপূর্ণ ও বাস্তব অর্জন।

তবে পাকিস্তানের পরবর্তী লক্ষ্য হলো, জাতিসংঘের সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় বিএলএর বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করা। এর জন্য আলাদা কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া প্রয়োজন। তালিকাভুক্তির নির্ধারিত শর্ত পূরণ এবং পর্যাপ্ত আন্তর্জাতিক সমর্থন অর্জনও জরুরি। ফলে যুক্তরাষ্ট্রের এই তালিকাভুক্তি দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও বৃহত্তর বহুপক্ষীয় পদক্ষেপ এখনো পৃথক একটি লক্ষ্য।

একইভাবে, ৬৮৬ মিলিয়ন ডলারের সম্ভাব্য এফ-১৬ যুদ্ধবিমানের সহায়তা ও আধুনিকায়নসংক্রান্ত বিক্রয় অনুমোদন ছিল প্রতিরক্ষা সহযোগিতার অংশ। এটি সমপরিমাণ আর্থিক অনুদান ছিল না।

ঘোষণা, বাণিজ্যিক প্রতিশ্রুতি, অনুমোদিত বিক্রয় এবং বাস্তবে সরবরাহ—এই বিষয়গুলো আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে এই পার্থক্যগুলো বিবেচনায় রাখলে কূটনৈতিক সাফল্য আরও দীর্ঘস্থায়ী হয়।

সম্পর্কের অবনতির আশঙ্কা মূল্যায়নের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিক সৌজন্য ও কূটনৈতিক উষ্ণতা কমে গেলেই যে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা হারাতে হবে, তা নয়। বিপরীতভাবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলেই যে প্রত্যাশিত সুবিধা পাওয়া যাবে, তারও নিশ্চয়তা নেই। প্রকৃত মূল্যায়নের মানদণ্ড হওয়া উচিত, দুই দেশের সম্পর্ক পারস্পরিক ও পরিমাপযোগ্য ফলাফল দিতে কতটা সক্ষম।

ওয়াশিংটনের প্রাতিষ্ঠানিক পরিকল্পনা এ ক্ষেত্রে একটি কার্যকর নির্দেশনা দেয়। পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের ‘ইন্টিগ্রেটেড কান্ট্রি স্ট্র্যাটেজি’ ২০২২ সালের মার্চে অনুমোদিত হয় এবং ২০২৪ সালের জুনে তা সংশোধন করা হয়। এতে চারটি বিস্তৃত অগ্রাধিকার চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার।

এই কৌশলগত দলিল থেকে বোঝা যায়, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে সহযোগিতার পাশাপাশি নজরদারি ও পর্যালোচনার বিষয়টিও রয়েছে।

দলিলটিতে পাকিস্তানের সমৃদ্ধির সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সুযোগের সম্পর্ক তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কৌশলগত সক্ষমতা ও সুশাসন নিয়ে দুই দেশের মতপার্থক্যের কথাও উল্লেখ করা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তৈরি এই দলিল দিয়ে ট্রাম্প প্রশাসনের অধীনে প্রতিটি কর্মসূচি একইভাবে চলছে-এমন প্রমাণ করা যায় না। তবে এটি দেখায়, প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্কের বাইরেও যুক্তরাষ্ট্রের স্বার্থের একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি রয়েছে।

অর্থনৈতিক সম্পর্কও দুই দেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বন্ধন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের হিসাবে, ২০২৫ সালে দুই দেশের পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ ছিল ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে। এর মধ্যে পাকিস্তানের রপ্তানি ছিল ৪ দশমিক ০১ বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

দুই দেশের ব্যবসায়ী, শ্রমিক ও ভোক্তাদেরই এই অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার বাস্তব স্বার্থ রয়েছে।

নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও একই ধরনের বাস্তবতা কাজ করছে। ২০২৬ সালের আগস্টে অনুষ্ঠিত সন্ত্রাসবাদ দমনসংক্রান্ত সংলাপে আইএসআইএস-কে, আল-কায়েদা, টিটিপি, বিএলএ এবং এর সহযোগী সংগঠনগুলোর বিষয়ে অভিন্ন উদ্বেগের কথা উঠে আসে।

এই সহযোগিতা দুই দেশের অভিন্ন নিরাপত্তাগত প্রয়োজনের প্রতিফলন। তবে আঞ্চলিক নীতির বিষয়ে মতপার্থক্যের সুযোগও এতে থেকে যায়।

তাই পাকিস্তানের উচিত বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ওয়াশিংটনে নিজেদের পক্ষে সমর্থনের পরিধি বাড়ানো। ইন্টিগ্রেটেড কান্ট্রি স্ট্র্যাটেজি চার বছর মেয়াদি পরিকল্পনা। পরবর্তী কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ রয়েছে। এ সময় পাকিস্তান নিজেদের স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরতে পারে।

পরিকল্পনা অনুমোদিত হওয়ার পর যোগাযোগ শুরু করলে ইসলামাবাদকে এমন একটি কর্মসূচির প্রতিক্রিয়া জানাতে হবে, যা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে।

এই উদ্যোগে শুধু মার্কিন প্রশাসন নয়, কংগ্রেসের উভয় দলের সদস্য, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয় এবং নীতিনির্ধারণী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে হবে।

বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক যোগাযোগ এবং সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার বিষয়ে পাকিস্তানকে বিশ্বাসযোগ্য প্রস্তাব দিতে হবে। একই সঙ্গে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুশাসন ও প্রশাসনিক সক্ষমতার প্রমাণও দিতে হবে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দুই দেশের সম্পর্ক বজায় রাখার মৌলিক কারণগুলো পরিবর্তন করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখনো প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এটি পারস্পরিক স্বার্থনির্ভর এবং মতপার্থক্য সত্ত্বেও টিকে থাকার সক্ষমতা রাখে।

এখন পাকিস্তানের সামনে প্রধান কাজ হলো, কূটনৈতিক যোগাযোগ ও প্রবেশাধিকারকে দীর্ঘস্থায়ী বাস্তব অর্জনে রূপান্তর করা এবং সেই অর্জনের পক্ষে সমর্থনকারী গোষ্ঠীর পরিধি আরও বিস্তৃত করা।

আমির জাহাঙ্গীর: জননীতি বিশেষজ্ঞ। তিনি পাকিস্তানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কান্ট্রি পার্টনার ইনস্টিটিউটের নেতৃত্ব দিচ্ছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানা @amirjahangir। ই-মেইল: [email protected]

জিও নিউজের সৌজন্যে


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]