
কনসার্টে গাইছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান৷। ছবি: এপি
ব্রিটিশ পপ তারকা এড শিরান বলেছেন, হামাসের হামলা ছিল ‘ভয়াবহ’এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ হলো ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’৷ মার্কিন র্যাপার ম্যাকলেমোরকে তার ওয়ার্ল্ড ট্যুর থেকে বাদ দেওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের পর প্রথম কনসার্টে গিয়েই মুখ খুললেন এই পপ তারকা৷
এর আগে ফিলিস্তিনপন্থি বক্তব্য দেওয়ার জেরে মার্কিন র্যাপার ম্যাকলেমোরকে শিরানের ট্যুরের সহযোগী শিল্পীর তালিকা থেকে বাদ দেওয়া হয়৷
ওই বিতর্কের পর শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আয়োজিত কনসার্টে গাইতে আসেন শিরান৷ মঞ্চে দাঁড়িয়ে এই সংগীতশিল্পী বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলাটি ছিল ‘ভয়াবহ’৷
শিরান বলেন, ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয়েছেন এবং অনেককে জিম্মি করা হয়৷
একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনার জের ধরে গাজায় ইসরায়েলের যুদ্ধ ছিল ‘বিপর্যয়কর, অযৌক্তিক এবং মাত্রাতিরিক্ত৷’
শিরান অধিকৃত পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’-এরও সমালোচনা করেছেন৷ বলেছেন, ইসরায়েল সরকার সেখানে ইহুদি বসতি সম্প্রসারণ করছে, যা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে জাতিসংঘ৷
শিরান বলেন, “আমি আমার ভক্তদের হতাশ করতে চাই না৷ আমি কখনোই রাজনৈতিক আন্দোলনের শিল্পী হতে চাইনি৷ কিন্তু বিষয়টি আমাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ বিতর্কের মাঝখানে এনে দাঁড় করিয়েছে৷”
তিনি আরও বলেন, “আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং এখনও নিতে হচ্ছে৷ আমি ভুলও করছি, আর সে জন্য আমি সত্যিই খুব দুঃখিত৷”
শিরানের এমন বক্তব্য তার আগের অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন৷ এর আগে তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, তার কনসার্টে শ্রোতা-দর্শকেরা ‘রাজনৈতিক আলোচনা শুনতে আসেন না৷’
বিতর্কের শুরু যেভাবে
চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে নিউ জার্সিতে পপ তারকা শিরানের ইউএস লুপ ট্যুরের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ (মুক্ত ফিলিস্তিন) স্লোগান দেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর৷
এর পর তাকে ট্যুরের সহযোগী শিল্পীর তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়৷
শিরান দাবি করেছেন, এই সিদ্ধান্ত তার ছিল না৷ ম্যাকলেমোরকে ট্যুরে রাখলে কিছু ভেন্যুতে শো বাতিলের হুমকি দেয়া হয়েছিল৷
ম্যাকলেমোর ইনস্টাগ্রামে লিখেছেন, ধনকুবের ব্যবসায়ী রবার্ট ক্র্যাফট ম্যাসাচুটেসসে তার মালিকানাধীন জিলেট স্টেডিয়ামে ম্যাকলেমোরকে পারফর্ম করতে দেবেন না বলে এড শিরানকে জানিয়েছিলেন৷
ওই ঘটনার পর ম্যাকলেমোরের প্রতি সংহতি জানিয়ে আরও কয়েকজন শিল্পী ট্যুর থেকে সরে দাঁড়ান৷ তাদের মধ্যে ছিলেন সংগীতশিল্পী ফিনিয়াস, ডেনমার্কের ব্যান্ড লুকাস গ্রাহাম এবং আইরিশ গায়ক অ্যারন রো৷ এমনকি শিরানের ব্যাকিং ব্যান্ডও সরে দাঁড়ায় আয়োজন থেকে৷
শিরানের কনসার্টের আগে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডের বাইরে কয়েক ডজন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী শান্তিপূর্ণ সমাবেশ করেন৷ তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’স্লোগান দেন৷
বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সি ব্র্যান্ডন অ্যাটকে অভিযোগের সুরে বলেন, ম্যাকলেমোরকে চুপ করিয়ে দিতে শিরান, রবার্ট ক্র্যাফট এবং অন্যরা ‘সহযোগী' হিসেবে কাজ করেছেন৷
বার্তা সংস্থা এএফপিকে তিনি আরও বলেন, “আমি কনসার্টে না গিয়ে বরং বিক্ষোভে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আজ গাজায় চলা গণহত্যার বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়৷”
ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টিনিয়ান ক্যাম্পেইন ফর দ্য অ্যাকাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট অব ইসরায়েল এড শিরানের বিশ্ব ট্যুর বয়কট করার আহ্বান জানিয়েছে৷
পালাবদল/এসএ