রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
 
স্পোর্টস
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা





স্পোর্টস ডেস্ক
Saturday, 14 November, 2026
12:48 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল আর্জেন্টিনা। ফিফা প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে ২০২৬ বিশ্বকাপের রানার্সআপরা।

স্থনীয় সময় শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার ভোর) বুয়েনস আইরেসের লা বম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করে আর্জেন্টিনাকে পিছিয়ে দেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। এর পরপরই উরুগুয়ের মিডফিল্ডার ম্যাক্সি আরাউহোর ভাগ্যপ্রসূত গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

৭৩তম মিনিটে আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ একটি গোল শোধ করে আর্জেন্টিনার ফেরার আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে তৃতীয় জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

গত মাসে বেনিনের বিপক্ষে এক আবেগঘন বিদায়ী প্রীতি ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। দেশের জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন এই মহাতারকা।

৩৯ বছর বয়সী এই জাদুকরকে ছাড়া মাঠে নামা আর্জেন্টিনা শুক্রবার ম্যাচের অধিকাংশ সময় উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খেয়েছে।

প্রথমার্ধে আর্জেন্টিনার সেরা সুযোগটি পেয়েছিলেন নিকো পাজ। কিন্তু তার জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন উরুগুয়ে গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়েরমারিন।

বিরতির পরপরই ম্যাচের ডেডলক ভাঙে উরুগুয়ে। বাঁ দিক থেকে জর্জিয়ান দে আরাসকায়েতার নেওয়া ফ্রি-কিক আর্জেন্টিনার রক্ষণভাগে আতঙ্ক তৈরি করে। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ হেড করে বল বিপদমুক্ত করতে গেলে তা সতীর্থ বালের্দির গায়ে লেগে জালে জড়িয়ে যায়।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। এবারও নেপথ্য কারিগর দে আরাসকায়েতা। তার নেওয়া কর্নার কিক থেকে বল আরাউহোর কাঁধে লেগে অনেকটা উঁচু হয়ে জালে প্রবেশ করে।

ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরান আলভারেজ। যোগ করা সময়ে সমতা ফেরানোর আরও একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু তা কাজে লাগাতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]