
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
৩৫ বছর বয়সের পর যেন কেউ আইনজীবী হতে না পারেন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, “৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়া পথ বন্ধ করার জন্য একটি উদ্যোগ নিতে বলেছি। অলরেডি এ নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এমন একটা জায়গায় আনতে চাচ্ছি।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স ও বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস প্রমুখ।
ইন্টার্নদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “এ ইন্টার্নশিপের অন্যতম লক্ষ্য হলো প্রতিদিনের জীবন থেকে শিক্ষা নেওয়া। শিক্ষার একটি ছোট সংজ্ঞাও রয়েছে, যদিও সেটি কোনো কোডিফায়েড সংজ্ঞা নয়। তা হলো, দোলনা থেকে কবর পর্যন্ত অর্জিত সব অভিজ্ঞতাই শিক্ষা। সেটি যদি হয়, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এসে যে পরিশ্রম করছেন, সেই পরিশ্রমই তাদের জীবনের সবচেয়ে অভিজ্ঞতালব্ধ শিক্ষা।”
পালাবদল/এসএ