রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
 
আইন-আদালত
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা: বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ





নিজস্ব প্রতিবেদক
Sunday, 13 September, 2026
5:09 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের ওপর সরকারের দেওয়া নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটটি যথাযথভাবে উপস্থাপন না হওয়াকে কারণ হিসেবে দেখিয়েছেন আদালত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিট আবেদনটি সঠিকভাবে করা হয়নি উল্লেখ করে আবেদনকারীর আইনজীবীরা আগেই সেটি খারিজের জন্য আদালতের কাছে আরজি জানিয়েছিলেন।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ ইউনুস ও মো. নুর নবী বুলবুল। তবে এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন সম্প্রতি হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে তিনি ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করার আরজি জানান। 

ওই প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

রিট আবেদনে ওই প্রজ্ঞাপনটিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এর আওতায় কোনো প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো এবং মিছিল, মিটিং, সমাবেশ ও সম্মেলনের মতো রাজনৈতিক কর্মসূচি পালন নিষিদ্ধ করা হয়েছে।

পালাবদল/এমএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]