রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬
 
রাজধানী
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলে তিন কারাবন্দীর মৃত্যু





নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
6:18 PM
 @palabadalnet

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: ইউএনবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: ইউএনবি

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ রোববার পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি। দুই হাজতির মৃত্যুর ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট।

মৃত ব্যক্তিরা হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, মো. শহিদসহ কয়েকজন কারারক্ষী অসুস্থ অবস্থায় আবুল বাশারকে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৭টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী। কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বন্দী ছিলেন তিনি।

অপর হাজতি আব্দুল কাইয়মকে কারা কর্তৃপক্ষের নির্দেশে হেমায়েত হোসেনসহ কয়েকজন কারারক্ষী সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলাই পদাবাজার গ্রামে। তার বাবার নাম মৃত দুদু মিয়া। তিনি আটটি মামলায় বন্দী ছিলেন।

এ ছাড়া কয়েদি শাহাদত হোসেন লিটনকে গত ২৮ আগস্ট অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে নয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা নম্বর ১১/০৭ এবং উত্তরা থানার মামলা ৯(১১)০৬-এর ৩০২, ৩৪ ও ২০১ ধারার মামলায় বন্দী ছিলেন। তার বাড়ি খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল কাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]