
ছবি: ডিএমপি
রাজধানীর বনানী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এক র্যাব সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি দল বনানীর এ ব্লকের ৪ নম্বর রোডের ‘খায়ের প্যালেসে’র সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি ও পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
ডিবি প্রধান শফিকুল জানান, আজ সকাল পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদলকে (৪২) গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার মাসুদ রানা র্যাবের একজন সৈনিক এবং বর্তমানে তিনি র্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াডে কর্মরত।
এ বিষয়ে মন্তব্যের জন্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেডএম ইনতেখাব চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি, মেসেজ পাঠালেও সাড়া দেননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে র্যাবের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা জানান, মাসুদ রানার গ্রেফতারের বিষয়টি সম্পর্কে র্যাব অবগত আছে। তিনি বলেন, “ঘটনাটি আজ সকালে ঘটেছে। বিষয়টি তদন্তে র্যাব একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
গেন্ডারিয়ায় গুলির ঘটনায় গ্রেফতার ৪
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার সন্ধ্যায় গেন্ডারিয়া গুলিতে তিনজন আহতের ঘটনায় ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি প্রধান শফিকুল জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন-ফরিদ ব্যাপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদাত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)।
তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচগিয়ার চাকু, একটি সাধারণ চাকু ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান শফিকুল।
রোববার সন্ধ্যায় গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সীটেক জামে মসজিদের কাছের এক গলিতে একদল যুবক এলোপাতাড়ি গুলি ছুড়লে স্থানীয় এক দোকানদারসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হন।
স্থানীয় বিএনপি কর্মী মনির হোসেনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে হামলাটি চালানো হয়। এ সময় ওই কার্যালয়টি ছাড়াও আশপাশের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
ডিবি প্রধান বলেন, “ঘটনার পর ডিবি ছায়া তদন্ত শুরু করে। বুধবার ধোলাইপাড়-দয়াগঞ্জ সড়কের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।”
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, “মনিরের রাজনৈতিক পরিচয় রয়েছে। তার সঙ্গে ব্যবসায়িক বিরোধ হতে পারে। আরেকটি সম্ভাবনা আছে মাদক। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে।”
পালাবদল/এসএস