রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
 
সাইটেক
ক্ষমা চাইল মাইক্রোসফট, ঠিক হবে কবে? মিলল না উত্তর





পালাবদল ডেস্ক
Saturday, 14 November, 2026
12:35 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় বড়সড় প্রযুক্তিগত বিপর্যয়। শুক্রবার সংস্থার একাধিক পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন লক্ষ লক্ষ ব্যবহারকারী থেকে একাধিক আইটি কোম্পানিও।

অন্তত ৭০টি দেশে প্রভাব পড়ে এই বিভ্রাটের। অচল হয়ে পড়ে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং কোপাইলট-এর মতো গুরুত্বপূর্ণ পরিষেবা। এই বিপর্যয়ের জন্য শনিবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মাইক্রোসফট।

সংস্থার দাবি, তাদের নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর জন্য সম্প্রতি একটি আপগ্রেড করা হয়েছিল। সেখান থেকেই আচমকা এই বিপত্তির সূত্রপাত। এর সঙ্গে কোনও সাইবার হামলার যোগ নেই।

বিশ্বজুড়ে পরিষেবা বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের পরিকাঠামো উন্নত করার জন্য যে পরিবর্তন করা হয়েছিল, তার জেরেই সমস্যা তৈরি হয়।

তবে ক্ষমা চাইলেও কবে নাগাদ আবার সমস্ত পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি সংস্থা। এর আগে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছিল, পরিষেবা স্বাভাবিক করার কাজ পরিকল্পনামাফিক এগোচ্ছে।

বিপর্যয় কাটিয়ে পরিষেবার আগের মতো করার জন্য কর্মীরা কাজ করছেন। মাইক্রোসফটের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে, পরিষেবা চালু হলেও মাঝেমধ্যেই লগ ইন বা অ্যাক্সেস সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হতে পারে।

উল্লেখ্য, মাইক্রোসফটের এই প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাব শুধু সাধারণ ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন দেশের সরকারি পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক কাজেও বিঘ্ন ঘটেছে।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের কারণে স্বাস্থ্যকর্মীদের কাজে সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে, কিছু স্কুলে অনলাইন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে।

অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য শুধুমাত্র টেলিফোন পরিষেবার উপর নির্ভর করতে বাধ্য হয়। আমেরিকার একাধিক কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং জুডিশিয়ারি ব্যবস্থাতেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে।

পারাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]