
অভিভাবকদের সঙ্গে যোগাযোগের করলে কয়েকজন কিশোর উত্তেজিত হয়ে দাউদকান্দি থানায় ডিউটি অফিসারের কক্ষে ভাঙচুর চালায়। তারা চেয়ার-টেবিল উল্টে দেয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। দাউদকান্দি থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজ্জাদ হোসেন আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ঘটনার পর কিশোরদের নাম-ঠিকানা লিখে নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে থানার পাশের একটি পার্ক থেকে ওই ১৭ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। কিন্তু পুলিশ যখন তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তখন কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ডিউটি অফিসারের কক্ষে চেয়ার-টেবিল উল্টে ফেলে ভাঙচুর চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডিউটি অফিসারের কক্ষে চেয়ার-টেবিল উল্টে পড়ে থাকতেও দেখা যায়।
এ ছাড়া কুমিল্লার কোটবাড়ী এলাকার আরেকটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের গাড়ি দেখে একদল কিশোর দৌড়ে পালাচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম সম্প্রতি খুন হওয়ার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
সন্ধ্যার পর অপ্রাপ্তবয়স্ক কেউ বাইরে ঘোরাঘুরি করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষেত্রে অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হচ্ছে।
পালাবদল/এসএ